২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের কার্যক্রম নিষিদ্ধের দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের

হেফাজতে ইসলামসহ উগ্র সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 07:47 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

মঙ্গলবার সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও নিউমার্কেট চত্বরে সমাবেশ থেকে এ দাবি আসে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, উগ্র মৌলবাদী জঙ্গিগোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে। সাম্প্রদায়িক অপশক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে নেমেছে।

“বিজয়ের মাসে এই আঘাত আমরা কোনোভাবেই মেনে নেব না। অবিলম্বে হেফাজতসহ ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু বলেন, “বঙ্গবন্ধু আমাদের চেতনার অংশ, অস্তিত্বের অংশ। বঙ্গবন্ধু আর বাংলাদেশ অভিন্ন স্বত্তা। বঙ্গবন্ধুর প্রতি যারা আঘাত করেছে তাদের সাথে কোনো আপস নেই। প্রয়োজনে আমরা একাত্তরের মত আবার যুদ্ধে যাব।“

প্রধান বক্তা ফোরামের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল বলেন, “যে হাত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে সে হাত আমরা গুঁড়িয়ে দেব। এইসব মৌলবাদীরা আশ্রয়-প্রশ্রয় পেলে সরকারের আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেবে।“

সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আবু বক্কর সিদ্দিকী, ফোরকান উদ্দিন আহমেদ, বাদশা মিয়া, ও নুরুল আমিন, মো. সেলিম চৌধুরী, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু, জসীম উদ্দিন, এডভোকেট সাইফুন্নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সেলিম রহমান, এডভোকেট জাহাঙ্গীর আলম,নুরুল হুদা চৌধুরী,নাজিম উদ্দিন,পংকজ রায়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।