চট্টগ্রামে রিকশাচালক খুনের ঘটনায় গ্রেপ্তার ৫
চট্টগ্রামে রিকশাচালক খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার পাঁচজন হলেন- আমিনুল ইসলাম (২০), মোবারক হোসেন (১৯), মো. শাহ আলম (১৯), আমির হোসেন (২০) ও মোবারক হোসেন শাকিল (১৯)।
পরিদর্শক রাশেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের পর থেকে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অভিযান শুরু করে পুলিশ। টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আমির, মোবারক হোসেন শাকিল ও মোবারক হোসেন মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
পরিদর্শক রাশেদুল বলেন, “এ হত্যাকাণ্ডের সাথে আরও কয়েকজনের সম্পৃক্ততার কথা জানিয়েছে গ্রেপ্তার হওয়া যুবকরা। তাদের ধরতেও অভিযান চলছে।”
গত রোববার রাতে নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী জেলে পাড়া এলাকায় ছুরিকাঘাতে খুন হন রিকশাচালক মো. মাহবুব। আহত হন মোবারক নামে আরেকজন।
রাশেদুল জানায়, গ্রেপ্তার হওয়া যুবকদের সঙ্গে রোববার সন্ধ্যায় মোবারকের কথাকাটাকাটি হয়েছিল। তার বন্ধু মাহবুব রাতে ওই যুবকদের বাসায় গিয়ে হুমকি দিয়ে এসেছিল। এরপর ওই যুবকরা জড়ো হয়ে মাহবুব ও মোবারককে মারধর ও ছুরিকাঘাত করে।
এ ঘটনায় মাহবুবের স্ত্রী সেতেরা বেগম বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা করেছেন।
