বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ চবি শিক্ষকদের
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে থাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ও শামসুন নাহার হলের প্রভোস্ট লায়লা খালেদা আঁখি বলেন, “এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর নয়, এটি আমাদের অস্তিত্বের ওপর আঘাত।
“বিজয়ের মাসে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো জঘন্যতম কাজের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।”
এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী, সহকারী প্রক্টর কাজিম নুর সোহাদ, আহসানুল কবির পলাশ, রামেন্দু পারিয়াল, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম খান, আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমেন প্রমুখ।
এদিকে ভাস্কর্য ভাংচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিবৃতিতে বলা হয়, “বিগত কয়েকদিন যাবত সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য স্থাপনের বিরুদ্ধে উস্কানি ও বিভ্রান্তিকর বক্তৃতা প্রদানের মাধ্যমে জাতির জনকের সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলা বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে লিপ্ত হয়েছে।
“তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর কাপুরুষোচিত হামলা চালিয়ে ভাস্কর্যের অংশ বিশেষ ভেঙে ফেলেছে। মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এ ঔদ্ধত্য ও অপতৎপরতা জাতির জনকের নেতৃত্বে মুক্ত এ স্বাধীন বাংলাদেশ সহ্য করবে না।”
