২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক হাসপাতাল পরিদর্শনে নওফেল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বল্প সম্পদের বিপরীতে সর্বোচ্চ সেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 12:44 AM

Updated : 18 Aug 2022, 04:02 PM

চমেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বুধবার প্রথম হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল বলেন, “আমি জানি, ডাক্তার-নার্সসহ চিকিৎসা সেবার সাথে জড়িত সকলে তাদের স্বল্প সম্পদের বিপরীতে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা চালাচ্ছেন। তাই চিকিৎসা সেবার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই। এই প্রচেষ্টা অব্যাহত রাখায় আপনারা সচেষ্ট থাকবেন বলে আশা করি।”

চমেক হাসপাতালে সেবার মান উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা খাতের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। উনার ঐকান্তিক প্রচেষ্টায় চমেক হাসপাতালে বিশেষায়িত ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে । গত ১১ বছরে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যখাতে প্রচুর বিনিয়োগ করছে। যার সুফল সাধারণ জণগণ পাচ্ছে।”

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসা ব্যবস্থা, বিশেষায়িত ক্যান্সার ইউনিটের ভবন নির্মাণের প্রস্তাবিত স্থান, নির্মাণাধীন করোনা ইউনিট-২ এর কাজ উপমন্ত্রীকে ঘুরিয়ে দেখান।

এসময় চিকিৎসক, নার্স এবং রোগীদের সঙ্গে কথা বলেন নওফেল।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেক এর প্রসূতি ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডা. শাহনারা চৌধুরী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জয়, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউছুফ, চমেক ব্যবস্থাপনা কমিটির সদস্য স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান।