২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের মামলা করলেন উদ্ধার সাংবাদিক সরওয়ার

অনাগ্রহ থাকলেও অপহরণের অভিযোগ এনে থানায় মামলা করলেন নিখোঁজের চার দিন পর উদ্ধার হওয়া চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 08:20 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

বুধবার বিকালে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এ মামলা করেন তিনি।

এর আগে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) কার্যালয়ে এসে ভীতি এবং স্বচ্ছল না হওয়ায় মামলা করতে অনাগ্রহের কথা বলেছিলেন সরওয়ার।

পরে সিইউজে নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে থানায় গিয়ে মামলা করেন তিনি।

কোতোয়াল থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অজ্ঞাতনামা ছয়জনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ এনে মামলাটি হয়েছে। আমরা অভিযোগ আমলে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছি।”

ইতোমধ্যে বাদীকে নিয়ে তাকে তুলে নেওয়ার স্থান পরিদর্শন করা হয়েছে বলেও জানান তিনি।

Image
গোলাম সারোয়ার

গোলাম সারোয়ার

গত বুধবার রাতে নগরীর ব্যাটারি গলি থেকে চন্দনাইশের বাড়ি যেতে বেরিয়েছিলেন সরওয়ার। শাহ আমানত সেতু এলাকায় যেতে ভাড়ায় মোটর সাইকেলে ওঠার পর কাজীর দেউরি ভিআইপি টাওয়ারের সামনে তার পেছনে এক যুবক উঠে তার মুখ ও নাকে চেতনানাশক লাগিয়ে দেয় বলে মামলায় বলা হয়েছে।

পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে অচেনা একটি স্থানে নিয়ে তিন দিন আটকে রেখে তাকে শাসানো হয়ে বলে সরওয়ার জানিয়েছেন।

সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের সাংবাদিক সরওয়ারের মুক্তিপণের জন্য তার স্ত্রী এবং পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরোপ্রধান জোবায়ের সিদ্দিকীর মোবাইল ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিল বলে এজাহারে বলা হয়েছে।

আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রামের স্টাফ রিপোর্টার সরওয়ার সিটিনিউজবিডি নামে একটি অনলাইন সংবাদপত্রের নির্বাহী সম্পাদক।

গত ২৮ অক্টোবর তিনি নিখোঁজ হওয়ার পর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেন আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান জোবায়ের।

তাকে উদ্ধারে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে।  

গত রোববার রাতে সীতাকুণ্ডের কুমিরা বাজার এলাকার একটি খালের পাড় থেকে স্থানীয় জনগনের সহায়তায় সরওয়ারকে উদ্ধার করে পুলিশ।

‘আর নিউজ করবি’  

ওইসময় সরওয়ার গণমাধ্যমে বলেছিলেন, প্রকাশিত সংবাদের কারণেই তাকে ধরে নেওয়া হয়েছিল এবং বেঁধে নির্যাতনও চালানো হয়েছিল। অপহরণকারীরা তাকে ‘আর নিউজ করবি কি না বল’ বলে মারধর করার কথাও সেসময বলেছিল সরওয়ার।

বুধবার দুপুরে সিইউজে কার্যালয়ে সরওয়ার তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুনরায় তুলে ধরেন।

এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি বিভিন্ন সমযে চার-পাঁচটা নিউজ করেছিলাম। এর জন্য হয়ত এ ঘটনা ঘটতে পরে। কারণ তারা বিভিন্ন সময়ে আর নিউজ করবি কি না বলে মারধর করছিল।”

কিন্তু কোন সংবাদের কারণে বা কারা এ ঘটনা ঘটাতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি তিনি।

এ ঘটনায় মামলা করবেন কি না- জানতে চাইলে সরওয়ার তখন সাংবাদিকদের বলেছিলেন, “আমি ও আমার পরিবার আর্থিকভাবে স্বচ্ছল না, মামলা করলে ভবিষ্যতে কী হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন। সে কারণে মামলায় অনাগ্রহ রয়েছে।”

তখন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী সংগঠনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।