শ্রমিক স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে হবে: রেজাউল
শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক লীগ নেতাদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।
সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল বলেন, “শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সিবিএ ননসিবিএ নেতৃবৃন্দকে শ্রমিক স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। যেখানে সমস্যা থাকে তা যদি সমাধান করতে না পারা যায় তাহলে নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন উঠতে পারে।
“সিবিএ ননসিবিএ নেতৃবৃন্দ স্বচ্ছ থাকতে হবে এবং শ্রমিক শ্রেণীর মঙ্গলে নিবেদিত হতে হবে। যদি তারা ব্যর্থ হন কোন দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “শ্রমিক লীগ বঙ্গবন্ধুর একটি প্রাণপ্রিয় সংগঠন। ৬ দফা আন্দোলনে মনু মিয়া রক্ত দিয়েছেন। এই রক্তধারা থেকেই শ্রমিক লীগ শ্রমজীবী মানুষের মুক্তির বার্তা বয়ে এনেছেন।
“আজকে যারা শ্রমিক লীগের নেতৃত্বে আছেন তাদেরকে একটি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতে হবে। যদিও বা একটি পুঁজিবাদী ব্যবস্থাপনায় শ্রমিক সমাজের সংকট আছে। এই সংকট মোকাবেলায় চরমপন্থা নয়, বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সমাজবাদ আমাদের সামগ্রিক মুক্তির ঠিকানা।”
নওফেল বলেন, “সিবিএ, ননসিবিএ যারা আজকে এখানে সমবেত হয়েছেন তাদেরকে কোন বিভাজন নয় নেত্রীর কাছে পৌঁছে দিতে হবে ঐক্যের বার্তা। আমার বাবা আমৃত্যু শ্রমিকদের জন্য নিবেদিত ছিলেন।”
শ্রমিক নেতা আবদুল আহাদের সভাপতিত্বে আবুল হোসেন আবু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, শ্রমিক নেতা মাহফুজুর রহমান খান, শেখ লোকমান হোসেন প্রমুখ।
