২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘গাড়ি ছিনতাই চক্রের’ ছয় সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে যাত্রীবেশে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে সিআইডি; উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া প্রাইভেট কার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 09:31 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

রোববার ভোর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও চুয়াডাঙ্গা সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রামে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ জানান।  

গ্রেপ্তার পাঁচ জন হলেন- মো. মহিউদ্দিন (২৫), মো. নিজাম উদ্দিন (৩০), মো. সোহেল (২৫), মো. জাবেদ হোসেন (২৫) রফিকুল আলম বাদশা (২৪) ও মো. শাহিন রেজা (২৪)।

তাদের মধ্যে মহিউদ্দিনকে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে এবং অন্যদের চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। আর ছিনতাই হওয়া প্রাইভেট কারটি উদ্ধার করা হয় কর্ণফুলী থানার শিকলবাহা আহছানিয়া পাড়া থেকে।

শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৬ সেপ্টেম্বর সীতাকুণ্ড উপজেলার কদমরুসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার জন লোক যাত্রীবেশে একটি প্রাইভেট কারে ওঠেন।

“ফৌজদার ক্যাডেট কলেজ পার হওয়ার পর তারা চালককে জিম্মি করে বায়েজিদ লিঙ্ক রোডের দিকে গাড়ি নিতে বাধ্য করেন। সেখানে চালককে মারধর করে তারা গাড়ি নিয়ে পালিয়ে যান।”

ছিনতাইকারীরা চালককে মারধর করে ফেলে দেওয়ার আগে তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। পরে সেই ফোন থেকে গাড়ির মালিককে ফোন করে দেড় লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়। গত ১ অক্টোবর মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

শাহনেওয়াজ খালেদ বলেন, “মামলাটি হাতে আসার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদরে মহিউদ্দিনের অবস্থান নিশ্চিত করা হয়। তাকে সেখান থেকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজামউদ্দিন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়।

“তাদের দেওয়া তথ্যে শিকলবাহার আহসানিয়া পাড়ায় একটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।”

সিআইডি কর্মকর্তা খালেদ বলেন, গ্রেপ্তাররা সবাই গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য। মহিউদ্দিন আগেও গাড়ি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। গত মার্চ মাসের দিকে জামিনে ছাড়া পেয়ে আবারও ছিনতাইয়ে জড়িয়েছেন।

“চক্রটি খালি প্রাইভেট কার, মাইক্রোবাস টার্গেট করে যাত্রীবেশে তাতে ওঠে। সুযোগ বুঝে চালককে মারধর করে গাড়ি ছিনিয়ে নেয়। পরে মালিককে ফোন করে টাকা দাবি করে। চাহিদা মত টাকা পেলে গাড়ি ফিরিয়ে দেয়।”