ধর্মের ভেদাভেদহীন বাংলাদেশই প্রত্যাশা: রেজাউল
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ধর্মের ভেদাভেদহীন মুক্তিযুদ্ধের চেতনার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা করেন তিনি।
শনিবার নগরীর চান্দগাঁও সর্বজনীন আনন্দ বিহার পরিচালনা কমিটি আয়োজিত দানোত্তম কঠির চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, “বাংলাদেশের স্বাধীনতার জন্য সকল ধর্মের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই যুদ্ধ করেছি।
“যেন ধর্ম ও জাতির কোনো ভেদাভেদ বাংলাদেশে না থাকে সেই স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। যার যার ধর্মীয় রীতিনীতি অবশ্যই স্বাধীনভাবে সে পালন করবে। অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশ সকল মানুষের চাওয়া।”
নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, “ধর্ম মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে আর ধর্মীয় জ্ঞান মানুষের হৃদয়ে পরিশুদ্ধতার আলো জ্বালিয়ে দেয়।
“অনৈতিক কাজ, পরনিন্দা, জীব হত্যা, হিংসাসহ যে কোনো পাপ কাজ থেকে ধর্মই আমাদেরকে বাঁচিয়ে রাখে। পশুর ঘরে জন্মগ্রহণ করলে তার পরিচয় হয় পশু, কিন্তু মানুষের ঘরে জন্মগ্রহণ করে যদি কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত না হয় তাহলে তাকে মানুষ বলা যায় না।”
তিনি বলেন, “মহামতী গৌতম বুদ্ধ সকলকে হিংসা থেকে বেরিয়ে এসে অহিংসার বাণী শুনাতে বলেছেন এবং তিনি নিজেও অহিংসার বাণী প্রচার করেছেন। তাই সকল ধর্মের মানুষকে এক হয়ে হিংসা ছেড়ে সমাজ, পাড়া-মহল্লা ও দেশের কল্যাণে কাজ করতে হবে।
“মানুষের জন্য মানুষের কাজ করতে হবে। মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকাই মনুষ্যত্ব। একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।”
চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে এ সময় সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চান মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক ও চান্দগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগগমহাপন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথেরো।
প্রধান ধর্মদেশকের বক্তব্য রাখেন বিদর্শনাচার্য্য ভদন্ত নন্দবংশ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন ভুলন বড়ুয়া ও প্রধান জ্ঞাতি ছিলেন মানু বড়ুয়া।
অনুষ্ঠানে আরও ধর্মদেশনা করেন ভদন্ত জ্ঞানবংশ মহাথেরো, বিদর্শনাচার্য্য আর্য্যশ্রী থেরো, ভদন্ত রত্নপ্রিয় থেরো, ভদন্ত সংঘশ্রী থেরো, ভদন্ত তণহংকার ভিক্ষু, ভদন্ত দেবমিত্র ভিক্ষু ও ভদন্ত প্রজ্ঞালংকার ভিক্ষু প্রমুখ।
