কর্ণফুলী পাড়ের জমি ইজারা দেওয়া নিয়ে প্রশ্ন মন্ত্রী তাজুলের
কর্ণফুলী নদীর পাড়ের জমি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ‘কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দূষণ রোধে প্রণীত মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন’ সংক্রান্ত আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন।
চট্টগ্রাম সার্কিট হাউজের ওই সভায় মন্ত্রী তাজুল বলেন, “চিটাগাং বন্দর সবচেয়ে গর্বের একটা জায়গা। মহিউদ্দিন সাহেব চট্টগ্রামের স্বার্থে সরকারের বিরুদ্ধেও কথা বলতেন। উনার মধ্যে বেসিক দেশপ্রেম ছিল এবং এটা প্রধানমন্ত্রী উপলব্ধি করতেন।
“এখন ব্যাপারটা হইছে কী কেউ কাউকে কিছু বলতে পারে না। মনে হয় যেন আমরা চোর-পুলিশ খেলাখেলি করছি। কে দখল করছে? তাজুল ইসলাম দখল করছে, নাকি রহিম উদ্দিন দখল করছে না করিম উদ্দিন দখল করছে, না অমুক সাহেব তমুক সাহেব? যেই হোক না কেন জাস্ট রেসকিউ দোজ ল্যান্ড।”
ক্ষোভ জানিয়ে মন্ত্রী তাজুল বলেন, “নাহলে এখন কর্ণফুলী নদীর পাড় সব দখল হয়ে যাবে। আমি জানি না, আপনারা কোন কন্টেক্সটে কর্ণফুলী নদীর পাড়ের জমিগুলো লিজ দিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, অন্যান্য ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ দিচ্ছেন?”
যারা সরকারি জায়গা, স্থাপনা দখল করে আছেন, খুব শিগগিরই তাদের উচ্ছেদে অভিযান চালানো হবে বলে স্থানীয় সরকারমন্ত্রী জানান।
“নদীর ৮০ কিমি জুড়ে অন্তত তিনশটি কারখানা কিংবা শিল্প স্থাপনা রয়েছে। এগুলো এমনভাবে করা হয়েছে, যাতে কারখানার বর্জ্য নদীতে চলে আসার আশংকা রয়েছে। পেপার মিল, তেল শোধনাগার, পাওয়ার প্লান্ট, ট্যানারি, সার প্রস্তুতকারক, সাবান এবং সিমেন্ট তৈরীর কারখানা এরমধ্যে অন্যতম। এসব কারখানার তরল বর্জ্য শোধনাগার (ইটিপি)আছে কিনা খতিয়ে দেখা হবে। থাকলেও এগুলোর ব্যবহার হচ্ছে কি না, তাও যাচাই বাছাই করা হবে।”
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের পরিকল্পনা সরকার করছে জানিয়ে তাজুল বলেন, এটি নির্মিত হলে অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে।
“এই মেরিন ড্রাইভ হলে এই অঞ্চলে নতুন হাজার হাজার হোটেল-মোটেল, রেস্টুরেন্ট, কলকারখানা সৃষ্টি হবে। এতে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হবে অন্যদিকে পর্যটন খাতে খুলবে নতুন দিগন্ত।”
উন্নয়নের নামে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ করে শহরের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক সঙ্কট নিয়ে তিনি বলেন, “বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখছে। বিশেষ করে কর্পোরেশন চলে জনসাধারণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ট্যাক্সের অর্থে। যদি সবাই ট্যাক্স নিয়মিত দিতেন তাহলে এই আর্থিক সঙ্কট কাটিয়ে উঠত।”
বন্দর থেকে আরও কর চেয়ে তাজুল বলেন, “২০১৬-১৭ অর্থ বছরে পঞ্চবার্ষিকী কর মূল্যায়নে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কর ১৬০ কোটি ১৬ লাখ ৪১ হাজার টাকা ধার্য্ করা হয়। কিন্তু চট্টগ্রাম বন্দর বর্তমানে বার্ষিক কর দেয় মাত্র ৩৯ কোটি ৫০ লাখ টাকা। যেখানে চট্টগ্রাম বন্দর বছরে তিন হাজার ২শ কোটি টাকা আয় করে সেখানে সিসিসির ধার্যকৃত ট্যাক্স কেন দেবে না। এই বিষয়টির যাতে সুরাহা হয় সেজন্য মন্ত্রণালয় উদ্যোগ নেবে।”
তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরসহ যে সকল প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের রাস্তা-ঘাটসহ নানা সেবা গ্রহণ করছে তাদেরকে সিটি কর্পোরেশনের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহন চলাচল করায় নগরীর অভ্যান্তরীণ রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব রাস্তাঘাট সংস্কার করতে অর্থের প্রয়োজন যা যোগান দেয়া সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়।”
সব সরকারি প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন কাজ ঐক্যবদ্ধভাবে পালন করার আহ্বান জানিয়ে মন্ত্রী তাজুল বলেন, “যেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে কাজ তারটা করতে হবে এবং সেটাকে উপর থেকে সুপারভাইজ করতে হবে, একাউন্টেবল করতে হবে। যদি এটা না করেন তাহলে হবে না।”
সভায় প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাংসদ ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার, নৌসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ, চট্টগ্রাম ওয়াসার এমডি একেএম ফজলুল্লাহসহ বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
