পাসপোর্ট করতে গিয়ে চট্টগ্রামে রোহিঙ্গা কিশোরী আটক
ভুয়া জন্ম সনদ নিয়ে চট্টগ্রামে পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়ে এক রোহিঙ্গা কিশোরী ধরা পড়েছে।
বুধবার দুপুরে আটক ১৩ বছর বয়সী মেয়েটিকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে বলে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই কিশোরী সকালে পাসপোর্টের আবেদন জমা দেয়। কাউন্টারে তার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার সময় সন্দেহ হলে আঙ্গুলের ছাপ যাচাই করা হয়।
“কিশোরীর কাছ থেকে সংগ্রহ করা আঙ্গুলের ছাপ রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিতদের সাথে মিলে গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে রোহিঙ্গা বলে স্বীকার করে।”
আবু সাইদ জানান, আবেদনের সঙ্গে জমা দেওয়া ভুয়া জন্ম সনদে কিশোরীর নাম ফাতেমা ইয়াসমিন তালুকদার, বাবার নাম মঈন উদ্দিন আহমেদ তালুকদার, মার নাম সাবিনা ইয়াসমিন ও হাটহাজারীর কাটিরহাট সোনাগাজি তালুকদার বাড়ির ঠিকানা দেওয়া আছে।
