ধর্ষণের ঘটনাগুলো ‘ইস্যু’ করতে চায় বিএনপি: মাহতাব
বিএনপি ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনাগুলোকে নিয়ে ‘মাঠ গরম করতে চাইছে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
সোমবার পাঁচলাইশ ওয়ার্ডের তিনটি ইউনিটের কার্যকরী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহতাব বলেন, “ইদানিং ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ যে সকল লোমহর্ষক ঘটনা ঘটছে, এসব ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনতে সরকার জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে।
“এ সমস্ত চলমান ঘটনাবলিতে বিএনপি ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে। তাই এ সমস্ত ঘটনা ইস্যু করে বিএনপি মাঠ গরম করতে চাইছে। এ সমস্ত ঘটনার সূচনা হয়েছিলো তাদের শাসনামলে।”
ধর্ষণের ঘটনাবলির পুনরাবৃত্তি রোধে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “কিছু বিপথগামী তরুণ যারা ছাত্রলীগ, যুবলীগে ঢুকে পড়েছে, তারা নষ্ট খবরের শিরোনাম হয়ে সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।
“দলের ভিতর থেকে এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং দুষ্কর্মে সহযোগিতা করেছে, তাদেরকেও আইনের আওতায় এনে চিরতরে দল থেকে বহিষ্কার করতে হবে এবং সরাসরি অপরাধীদের মতোই তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তৃণমূল থেকে উপরের স্তর পর্যন্ত মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নিপীড়নমূলক কার্যকলাপ এবং জাতীয় সম্পদ লুণ্ঠনের সঙ্গে তিল পরিমাণ সম্পৃক্ত আছে এমন ব্যক্তিদের কমিটিতে না রাখার দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা অনুসরণের আহ্বান জানান নাছির।
নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি নির্বাচনে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, “বিএনপি জামাত এদেশে অরাজকতা, নাশকতা এবং ধ্বংসাত্মক রাজনীতির ইন্ধনদাতা। তারা বসে নেই। এরা দুবাই ও লন্ডনে বসে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে গোপন বৈঠক করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়।”
