ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি দিয়ে টাকা দাবি, গ্রেপ্তার ১
চট্টগ্রামের এক তরুণীর ফেইসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি নিয়ে তা ছড়িয়ে টাকা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- তারিকুর রহমান ওরফে মাহিন (১৯) ও একরাম হোসেন ফায়াজ (১৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা এক তরুণীর ফেইসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জার থেকে কিছু ব্যক্তিগত মুহুর্তের ছবি সংগ্রহ করেন। সেগুলো ওই তরুণী ও তাদের স্বজনদের পাঠিয়ে দেড় লাখ টাকা দাবি করেন।
তাদের ২০ হাজার টাকা দেওয়া হলেও বাকি টাকা না দেওয়ায় ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা।
“অভিযোগ পেয়ে র্যাবের একটি দল ওই তরুণীর টাকা পরিশোধের কথা বললে মাহিন ও একরাম রাত ১১টার দিকে টাকা নিতে বহদ্দারহাট মোড়ে যায়। এসময় তাদের হাতেনাতে আটক করে ওই তরুণীর ছবিসহ মোবাইল মেমোরি কার্ড ও টাকা উদ্ধার করা হয়।”
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
