২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে ঢুকে ছিনতাই: মামলা পুলিশের বিরুদ্ধে

ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা একটি মামলায় চট্টগ্রামের আদালতে বিচারিক তদন্ত চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 11:33 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

রাউজানের কুণ্ডেশ্বরী এলাকার বাসিন্দা কাঞ্চন চৌধুরী (৫৫) ওই অভিযোগ করেন রোববার। সোমবার আদালত অভিযোগটি গ্রহণ করে বাদির জবানবন্দি নেন।

মঙ্গলবার আরও একজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা থাকলেও তা হয়নি। ১ সেপ্টেম্বর এ মামলায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটির কার্যক্রম চলছে।

জমি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিরোধের জেরে বিরোধী পক্ষের কাছ থেকে টাকা নিয়ে পুলিশ এ ঘটনা ঘটায় বলে বাদীর অভিযোগ।

এই মামলার আসামিরা হলেন- রাউজান থানার সাবেক ওসি কেফায়েত উল্লাহ, এসআই সাইমুন, কুণ্ডেশ্বরী এলাকার বাসিন্দা উত্তম চৌধুরী ও দিলীপ ঘোষ।

কাঞ্চন চৌধুরী রাউজান উপজেলার পৌর সদরের তিন নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরী এলাকার বাসিন্দা।

বাদীর আইনজীবী বিশ্ব শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গৃহে অনধিকার প্রবেশ, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং চাঁদা দাবির অভিযোগে মামলাটি করা হয়েছে।

“আদালত মামলাটি গ্রহণ করেছেন। যেহেতু এ মামলায় পুলিশ সদস্যেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাই বিচারক নিজেই মামলার জুডিসিয়াল তদন্ত করছেন।”

বাদীর স্ত্রীর জবানবন্দি নেওয়ার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় তা সম্ভব হয়নি বলে জানান এই আইনজীবী।

কাঞ্চন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৮ সালের ১৭ অক্টোবর রাত ১১টায় আমি শহর থেকে বাড়িতে যাই। রাত একটার দিকে পুলিশ আমার বাড়ি ঘিরে ফেলে।

“রাউজান থানার ওসি পরিচয় দিলে দরজা খুলি। এরপর এসআই সাইমুন আমার মাথায় অস্ত্র ধরে। মেয়ের বিয়ের জন্য রাখা দুই লাখ টাকা এবং মেয়ের টিউশনির টাকায় কেনা স্বর্ণ নিয়ে নেন। তারপর আমাকে চোখ বেঁধে থানায় নিয়ে যায়।”

ঘটনার বর্ণনা দিয়ে কাঞ্চন চৌধুরী বলেন, “তখন আমার মেয়ে জানতে চায়, বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জবাবে পুলিশ বলে, তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। পরদিন সকালে স্ত্রী ও মেয়ে থানায় যায় দেখতে। তখন আমাকে ক্রসফায়ারে দেয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে। তারা ধার করে ৫০ হাজার টাকা নিয়ে দেয়। 

“কিন্তু এরপরও আমাকে না ছেড়ে, বাড়ি থেকে ৩০ মাইল দূরের পাহাড়তলি এলাকার একটি গণপিটুনিতে দুই চোরকে মেরে ফেলার মামলায় আমাকে আসামি করে কারাগারে পাঠায়। আমি একমাস একদিন জেল খেটেছি। তবে ওই মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

কাঞ্চন চৌধুরীর অভিযোগ, গ্রেপ্তারের পর তাকে থানায় শারীরিক নির্যাতন করা হয়।

তিনি বলেন, “প্রতিবেশী কাকাত ভাইয়ের পরিবারের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ আছে। আমরা বাড়িতে থাকলে তারা আমাদের জমিগুলো আত্মসাৎ করতে পারবে না।

“সেজন্য ২০১২ সালেও আমাকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল তারা। এরপরও গ্রাম ছাড়া করতে না পেরে পুলিশের সহায়তায় এই ঘটনা ঘটানো হয়েছে।”

কাঞ্চন চৌধুরীর করা মামলাটির অন্য দুই আসামির মধ্যে উত্তম চৌধুরী তার কাকাত ভাই এবং দিলীপ ঘোষ স্থানীয় বাসিন্দা।

সম্প্রতি ওসি কেফায়েত উল্লাহ রাউজান থানা থেকে বদলি হন। এরপরই কাঞ্চন মামলা করতে উদ্যোগী হন।

মামলা করা পরেও ভয়ে আছেন বলে জানিয়েছেন কাঞ্চন চৌধুরী।