চট্টগ্রাম মহানগর পুলিশের ১৭ এএসআইকে বদলি
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১২ জন এসআইয়ের পর ১৭ জন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) একযোগে বদলি করা হয়েছে।
বুধবার মহানগরের বিভিন্ন থানার এসব এএসআইদের একটি থেকে অপর জোনে বদলি করা হয় বলে জানান সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান।
সাদা পোশাকে এক এসআইয়ের অভিযানের ঘটনায় এক কিশোরের ‘আত্মহত্যার’ পর সিএমপির ১২ এসআইকে একযোগে বদলির দুই দিন পর ১৭ এএসআইকে বদলি করা হল।
তবে এটি ‘নিয়মিত বদলির’ অংশ দাবি করে সিএমপি কমিশনার মাহবুবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি রেগুলার বদলি, সিরিয়াস কিছু না। যাদের এক থানায় দুই থেকে তিন বছর হয়ে গেছে তাদের বদলি করা হয়েছে।
“এ বদলি স্বাভাবিক। এর সাথে অন্য কিছুর সম্পর্ক নাই। এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করলে পানিশমেন্ট হয় না।”
গত ১৬ জুলাই রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মসজিদ গলিতে সোর্স নিয়ে সাদা পোশাকে অভিযানে যায় ডবলমুরিং থানা পুলিশের এসআই হেলাল। এ সময় স্কুলপড়ুয়া এক ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তাদের বাধা দেয় পরিবারের সদস্যরা।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মা ও বোন আহত হওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্কুলছাত্র সালমান ইসলাম মারুফ। এ সময় এলাকাবাসীর চাপের মুখে এসআই হেলালকে প্রত্যাহার করা হয়।
পরে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বরখাস্ত করা হয় ওই পুলিশ কর্মকর্তাকে।
এদিকে কিশোর মারুফের আত্মহত্যার পর বিভিন্ন থানার 'সিভিল টিমের' বিরুদ্ধে অভিযোগ উঠার পর গত ১৯ জুলাই বিভিন্ন থানার ১২ এসআইকে বদলির আদেশ দেয় সিএমপি সদরদপ্তর।
