হেফাজত আমির ফের হাসপাতালে
বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফী।
মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন বলে জানান তার ছেলে আনাস মাদানী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আহমদ শফীকে চেকআপ করাতে হাসপাতালে আনা হয়েছে।
তবে ৯৫ বছর বয়সী শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান আনাস।
এ বছর দুইবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে হেফাজত আমিরকে।
সবশেষ গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন তিনি। আইসিইউতে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান।
এর আগে ১১ এপ্রিল অসুস্থ শফীকে চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার করে ঢাকার আজগর আলী হাসপাতালে নেয়া হয়।
হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলামের মহাপরিচালক আহ আহমদ শফী তার ঘরনার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র।
