২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কিশোরের আত্মহত্যা: ১২ এসআইকে একযোগে বদলি

সাদা পোশাকে এক এসআইয়ের অভিযানের ঘটনায় এক কিশোরের ‘আত্মহত্যার’ পর চট্টগ্রাম নগর পুলিশের ১২ এসআইকে একযোগে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 06:37 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

এই বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হলেও এর মধ্য দিয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (সদর) আমীর জাফর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার তিনি বলেন, দীর্ঘদিন ধরে এক থানায় থাকা এবং ডবলমুরিং থানার একটি ঘটনা ঘটেছে। সব মিলিয়ে সবাইকে ‘অ্যালার্ট’ করার জন্য এই আদেশ।

“কখনো কখনো সাদা পোশাকে অভিযান করতেই হয়। সেটার বিষয়ে নির্দেশনা আছে লোকাল জোনের ডিসির (উপ-কমিশনার) পারমিশন নিয়ে করতে হয়। সেখানে যদি কোন ফাঁকফোকর থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবস্থা নিয়ে থাকি।

“সাদা পোশাকে ডিউটির বিষয় নিয়ে ইতোমধ্যে কমিশনার স্যার বিভিন্ন ডিসিদের নির্দেশনাও দিয়ে দিয়েছেন।”

রোববার বদলি হওয়া এসআইদের মধ্যে সর্বাধিক ছয় জন দক্ষিণ বিভাগের। তারা হলেন- কোতোয়ালী থানার এসআই সজল কান্তি দাশ, তারিকুজ্জামান, সরদঘাট থানার এসআই তন্ময় ভট্টাচার্য্য, মোর্শেদ আলম, বাকলিয়া থানার এসআই এসএম জামাল উদ্দিন, রেজোয়ানুল ইসলাম।

উত্তর বিভাগের জোনের বায়েজিদ বোম্তামী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম, পাঁচলাইশ থানার আব্দুল মোমিন, চান্দগাঁও থানার সালাউদ্দিন খান নোমান, পশ্চিম জোনের ডবলমুরিং থানার এসআই হাসানুজ্জামান রোমেল, হালিশহর থানার পলাশ চন্দ্র ঘোষ, পাহাড়তলী থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ। 

আদেশে মধ্যে দক্ষিণ বিভাগের সজল দাশ, তারিকুজ্জামান, তন্ময় ভট্টাচার্য্যকে উত্তর বিভাগে, রেজোয়ানুল ইসলামকে পশ্চিম জোনে ও জামাল উদ্দিনকে বন্দর বিভাগে বদলি করা করা হয়েছে। উত্তর ও পশ্চিম বিভাগের ছয় এসআইকে দক্ষিণ বিভাগের বদলির আদেশ দেয়া হয়েছে।

বদলি আদেশ পাওয়ারা সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে সংযুক্ত হওয়ার পর তাদের বিভিন্ন থানায় পদায়ন করে থাকেন উপ-কমিশনার।  

গত ১৬ জুলাই রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মসজিদ গলিতে সোর্স নিয়ে সাদা পোশাকে অভিযানে যায় ডবলমুরিং থানা পুলিশের এসআই হেলাল। এসময় স্কুলপড়ুয়া এক ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তাদের বাধা দেয় পরিবারের সদস্যরা।

এসময় মা ও বোন আহত হওয়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্কুল ছাত্র সালমান ইসলাম মারুফ। এসময় এলাকাবাসীর চাপের মুখে এসআই হেলালকে ক্লোজড করা হয়।

তারপর থেকেই বিভিন্ন থানায় সাদা পোশাকের দায়িত্ব পালানকারী বিভিন্ন এসআইদের বিরুদ্ধে অভিযোগ উঠে। ইয়াবা দিয়ে ফাঁসানো, ইয়াবা সড়ানোসহ নানা ধরনের অভিযোগ উঠে আসে তাদের বিরুদ্ধে।

আগ্রাবাদে অভিযানের পর কিশোরের আত্মহত্যা ও তার আগে নগরীর একটি থানার সাদা পোশাকের একটি দল নগরীর বাইরে গিয়ে সড়ক দুর্ঘটনার পতিত হওয়ার পর নড়েচড়ে বসে সিএমপি কর্তৃপক্ষ।

ডবলমুরিং থানার ঘটনাটি তদন্তের পাশাপাশি সিএমপি সদর দপ্তর থেকে বিভিন্ন থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনকারী সহকারী পরিদর্শকের বিষয়ে তথ্য জানতে চাওয়া হয় বিভিন্ন জোনের উপ-কমিশনারদের কাছে।

এর কয়েকদিনের মধ্যেই এই বদলি আদেশ দেওয়া হল।

পুরনো খবর:

সাদা পোশাকে পুলিশের অভিযানের পর হাসপাতালে মা-বোন, কিশোরের ‘আত্মহত্যা’