২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আওয়ামী লীগের বৃক্ষরোপণ

করোনাভাইরাসের মতো সংক্রমণ সবুজ উদ্ভিদের গুরুত্ব কত বেশি তা বুঝিয়েছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 02:08 AM

Updated : 18 Aug 2022, 03:29 PM

রোববার নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষচারা রোপণ ও বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাছির বলেন, “আমরা জীবন ধারণের জন্য যে অক্সিজেন গ্রহণ করি তা সবুজবৃক্ষ ও উদ্ভিদ থেকে পেয়ে থাকি। আর আমাদের নিঃসৃত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে জীবন ও প্রকৃতির মাঝে ভারসাম্য রক্ষা করে বৃক্ষ।

“আজ করোনাকালে আমরা বুঝতে পেরেছি অক্সিজেনের গুরুত্ব কতখানি। করোনা উপসর্গে আক্রান্ত হয়ে যাদের শ্বাসকষ্ট হয়েছিল, তারা অক্সিজেনের জন্য ছটফট করেছেন। অপ্রতুল অক্সিজেনের জন্য অকালে অনেকের প্রাণ ঝড়ে গেছে। তাই আমাদের আবশ্যিক দায়িত্ব ও কর্তব্য হল ব্যাপকভাবে বৃক্ষায়নের মাধ্যমে অক্সিজেন ভাণ্ডারকে সমৃদ্ধ করা।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক যুগ আগে ক্ষমতা গ্রহণকালে জীবন, পরিবেশ ও জলবায়ুর মাঝে ভারসাম্য রক্ষায় বৃক্ষায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। ক্ষমতা গ্রহণের সময় এদেশে মোট বনভূমির পরিমাণ ছিল মাত্র ৭ শতাংশ।

“ভূমিদস্যুদের আগ্রাসন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যাপকভাবে বৃক্ষের সংখ্যা হ্রাস পাওয়ার বিপরীতে তিনি বর্তমান সময় পর্যন্ত দেশে বনভূমির পরিমাণ ১৭ শতাংশে উন্নীত করেছেন।”

মেয়র নাছির বলেন, “তিনি বিশ্ব প্রকৃতি বিজ্ঞানীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করে জীবন ও প্রকৃতির সমন্বয় সাধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তাই তিনি মুজিববর্ষে সারাদেশে এক কোটি বৃক্ষ রোপণের অঙ্গীকার ঘোষণা করেছেন।”

প্রধানমন্ত্রীর সেই অঙ্গীকারের সহযাত্রী হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে সবুজায়নকে গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন নাছির।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “আমরা যারা এ প্রকৃতিকে অবহেলা করেছি, সেই প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আমরা আজ অনেক কাছের মানুষ ও প্রিয়জনকে হারিয়ে ফেলেছি। হারিয়ে যাওয়া প্রিয়জনের মিছিল কত দীর্ঘ হবে জানি না। তবে আশা বাঁচিয়ে রেখে জীবন ও প্রকৃতিকে ভালোবাসতে হবে।”

নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠারে উপস্থিত ছিলেন নগর কমিটির সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মো: হোসেন, আবদুল আহাদ প্রমুখ।