জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির দুই দিন পর চট্টগ্রামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
মৃত ডা. নুরুল হক (৪৪) বেসরকারি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার।
বুধবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে ওই হাসপাতালের আইসিইউতেই তার মৃত্যু হয় বলে রেজিস্ট্রার ডা. মো নূর নবী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ডা. নুরুল হক ১৪ জুন হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট বাড়ার সঙ্গে কাশির সাথে রক্ত বের হতে থাকে। এক পর্যায়ে অক্সিজেন সেচুরেশন কমতে থাকলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
“সেখানে হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা দিয়ে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হলে ১৪ জুন রাতেই ভেন্টিলেটর সার্পোট দিই। এরপর সাপোর্টিভ বিভিন্ন ওষুধ দিয়ে আমরা চেষ্টা করেছি। কিন্তু রেসপন্স পাওয়া যায়নি।”
ভর্তির দিনই করোনভাইরাস পরীক্ষার জন্য এই চিকিৎসকের নমুনা নেওয়া হলেও তার ফল এখনও আসেনি।
কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা নুরুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবন শেষ করার পর থেকেই তিনি মেট্রোপলিটন হাসপাতালের সাথেই ছিলেন।
ডা. নুর নবী বলেন, এই হাসপাতালে পৃথক কোভিড-১৯ ওয়ার্ড আছে। কিন্তু নুরুল হক ওই ওয়ার্ডে কর্মরত ছিলেন না। তিনি হাসপাতালটির আইসিইউর চিকিৎসক ছিলেন।
বুধবার সকাল সাড়ে ৯টায় নিজের কর্মস্থল মেট্রোপলিটন হাসপাতালে নুরুল হকের প্রথম জানাজা হয়।
দাফনের জন্য তার মরদেহ মহেশখালীর বাড়িতে নিয়ে যাওয়া হবে।
