২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: চট্টগ্রামে নতুন শনাক্ত ১৭১ জন

চট্টগ্রামে আরও ১৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2020, 05:02 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

মঙ্গলবার জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারের পাঁচটি ল্যাবে জেলার ৫৯৯টি নমুনা পরীক্ষার এ ফল আসে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৪টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ১৫ জনের, এর মধ্যে একজন মহানগরী এলাকার এবং বাকি ১৪ জন বিভিন্ন উপজেলার।

ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে এদিন নমুনা পরীক্ষা হয়েছে ২৩৫টি। এতে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে ৪৬ জনের মধ্যে। এর মধ্যে ১৯ জন মহানগরীর এবং ২৭ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩৭ নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৪২ জনের। এর মধ্যে ৪০ জন নগরীর এবং দুইজন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫৫ নমুনা পরীক্ষায় পজিটিভ মিলেছে ৫৯ জনের। এর মধ্যে ১৯ জন নগরের এবং বাকি ৪০জন বিভিন্ন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে পজিটিভ মিলেছে নয়জনের এবং এরা সকলেই বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হল পাঁচ হাজার ৪০৬।

গত ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন তিনজন এবং সুস্থ হয়েছেন ৫৬ জন।