ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের নানুপুর বাজার এলাকার মাজার গেইটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত রাশেদ কামাল (৩৮) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুর রব্বানীর ছেলে।
স্থানীয় সাংবাদিকরা জানান, রাশেদ নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার জানান, দুর্বৃত্তরা বাজারে রাশেদ কামালকে অতর্কিতে গুলি করে চলে যায়।
রাশেদকে গুরুতর অবস্থায় নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
