২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাল কাগজপত্রে অক্সিজেনের ব্যবসা চালাচ্ছিল ‘কালো তালিকাভুক্ত’ প্রতিষ্ঠানটি

জাল কাগজপত্র বানিয়ে চট্টগ্রামে ‘কালো তালিকাভুক্ত’ একটি প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার বিক্রির হদিস পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 09:39 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

এছাড়া অন্য একটি প্রতিষ্ঠানে জাহাজ থেকে সংগ্রহ করা পুরনো মানহীন সিলিন্ডারে ভরে মেডিকেল গ্রেড অক্সিজেন সিলিন্ডার বিক্রির প্রমাণও পেয়েছে আদালত।

করোনাভাইরাস সঙ্কটে চাহিদা বেড়ে যাওয়ায় অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জাম বাড়তি দাম রাখার অভিযোগ পেয়ে সোমবার থেকে শুরু হওয়া অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় আট লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে বুধবার নগরীর সাগরিকা এলাকায় অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের (সরকারি-বেসরকারি যৌথ মালিকানার বহুজাতিক প্রতিষ্ঠান) কারখানাও পরিদর্শন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

সেখানে তথ্য যাচাই করে তারা জানতে পারেন, মঙ্গলবার চার লাখ টাকা জরিমানা করা কাতালগঞ্জের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি লিন্ডে বাংলাদেশের ‘কালো তালিকাভুক্ত’ ২০১৬ সাল থেকেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে যে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে সেটি আগে লিন্ডে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিভিন্ন হাসপাতালে সিলিন্ডার রিফিলিং ও সরবরাহ করত। কিন্তু সিলিন্ডারে টেম্পারিংয়ের প্রমাণ পাওয়ায় ২০১৬ সালে সেটিকে ‘কালো তালিকাভুক্ত’ করে লিন্ডে।”

মেডিকেল গ্রেড অক্সিজেন সিলিন্ডার প্রস্তুতকারী তিনটি প্রতিষ্ঠান আছে। সেগুলো হল- সাগরিকার লিন্ডে বাংলাদেশ, কালুরঘাটের স্পেকট্রাম অক্সিজেন লিমিটেড (বেসরকারি) এবং নারায়ণগঞ্জের ইসলাম অক্সিজেন লিমিটেড। 

তৌহিদুল ইসলাম বলেন, “এসব প্রতিষ্ঠানের কোনো অনুমোদিত ডিলার বা ডিস্ট্রিবিউটর নেই। তারা নিজেরা হাসপাতালগুলোতে অক্সিজেন প্ল্যান্ট প্রস্তুত ও সরবরাহ এবং ডাক্তারদের প্রেসক্রিপশন অনুসারে হাসপাতালে বা ব্যক্তির কাছে মেডিকেল গ্রেড অক্সিজেন সিলিন্ডার বিক্রি করে।

“দুই দিনে জরিমানা করা চার প্রতিষ্ঠানের কেউই এই তিনটি অক্সিজেন প্রস্তুতকারকের অনুমোদিত ডিলার নয়। বিসমিল্লাহ এন্টারপ্রাইজ তাদের প্যাডে ও সিলিন্ডারে লিন্ডে বাংলাদেশের লোগো লাগিয়ে রেখেছে।”

কালো তালিকাভুক্ত হয়েও লিন্ডে বাংলাদেশের লোগো ব্যবহার করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসনে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, “খোঁজ নিয়ে জানা গেছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে অক্সিজেন কিনে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নিজেরা রিফিল করে মেডিকেল গ্রেড সিলিন্ডার হিসেবে বিক্রি করছিল।

“রিফিলকরার সময় অক্সিজেনের চাপ ও ঘনত্ব ঠিক না থাকলে তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি সিলিন্ডারগুলো মানসম্মত না হলে বিস্ফোরণও ঘটতে পারে।”

করোনাভাইরাস সংকটে কিছু ব্যবসায়ী চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করে প্রতিটি সিলিন্ডার ১০ থেকে ১৫ হাজার টাকা বেশি দামে বিক্রি করছিল।

পরিদর্শনে জেলা প্রশাসনের দলটি জানতে পারে, ক্রমবর্ধমান চাহিদা মাথায় রেখে লিন্ডে বাংলাদেশ ফ্রান্স থেকে আরো চার হাজার খালি সিলিন্ডার আমদানি করছে, যা ২০ জুনের মধ্যে এসে পৌঁছাবে।

জেলা প্রশাসনের কয়েকটি অভিযান দল তথ্য পেয়েছে, চট্টগ্রামে কমপক্ষে পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন সিলিন্ডার বাজারজাতকারী প্রতিষ্ঠান আছে।

বর্তমান পরিস্থিতিতে তারা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের পাশাপাশি মেডিকেল গ্রেডের অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত করে বাজারজাত করছে কিনা সে বিষয়ে সরেজমিন পরিদর্শন করে তথ্য নেবে জেলা প্রশাসন।

সেই সাথে পাইকারি সিলিন্ডার বিক্রেতারা এ ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে মেডিকেল গ্রেডের সিলিন্ডার কিনছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

মেডিকেল গ্রেডের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের ঘনত্ব থাকে ৯৯ দশমিক ৯ শতাংশ। আর ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেনের ঘনত্ব থাকে গড়ে ৬৫ শতাংশের মত।

এদিকে বুধবার বিকালে নগরীর এনায়েত বাজারের বিসমিল্লাহ মেরিন স্টোর নামের প্রতিষ্ঠানে মানহীন সিলিন্ডারে ভরে মেডিকেল গ্রেড অক্সিজেন হিসেবে বিক্রির প্রমাণ মেলে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে জাহাজ থেকে আনা মানহীন সিলিন্ডারে কোন পরীক্ষা ছাড়াই রিফিল করে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

“তারা অক্সিজেন সিলিন্ডার আমদানির কোনো ইনভয়েস ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সসহ ব্যবসায়িক কাগজপত্র দেখাতে পারেনি। তাদের ফায়ার এক্সটিংগুইশার আমদানির কাগজপত্র আছে। ৩০ মে থেকে ৬ জুনের মধ্যে তারা সিলিন্ডারের দাম আড়াই গুণ বাড়িয়েছে নিজেদের ইচ্ছেমত।”

বেশি দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করায় আন্দরকিল্লার এ বি সার্জিকেলকেও ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।