২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শতবর্ষী নানাকে হত্যার অভিযোগে নাতি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদনগর গ্রামে শতবর্ষী নানাকে হত্যার অভিযোগে নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 12:14 AM

Updated : 18 Aug 2022, 03:09 PM

সোমবার সকালে ওই হত্যাকাণ্ডের পর সালাউদ্দিন (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানিয়েছেন।

নিহত আলীম ‍উল্লাহ (১১৩) মুরাদনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার ছেলে খোরশেদ আলম বাদী হয়ে মামলা করেছেন।

মামলায় খোরশেদ তার ভাগ্নে সালাউদ্দিন একমাত্র আসামি করেছেন। সালাউদ্দিন সীতাকুণ্ডের দক্ষিণ পশ্চিম সৈয়দপুর গ্রামের মুখলেসুর রহমানের ছেলে। তিনি নিহত আলীম উল্লাহর মেয়ের সন্তান।

পরিদর্শক শামীম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শতবর্ষী নানা আলীম উল্লাহকে ‘গলায় বেল্ট পেঁচিয়ে’ সালাউদ্দিন হত্যা করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

“সালাউদ্দিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”

মামলায় খোরশেদ আলম বলেছেন, “সকালে সালাউদ্দিন আমার বাবাকে দেখতে আসে। শোবার ঘরে বসে সালাউদ্দিন বাবার সাথে কথা বলছিল। নানা-নাতিকে কথা বলতে দেখে আমি বাথরুমে যাই। এর কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখতে পাই, হাতে থাকা একটি কালো রঙের ব্যাগের বেল্ট দিয়ে সালাউদ্দিন বাবার গলা পেঁচিয়ে চেপে ধরে রেখেছে।”

এ সময় তার উপস্থিতি টের পেয়ে সালাউদ্দিন পালিয়ে যান বলে অভিযোগ করেছেন খোরশেদ।

এরপর বাড়িতে স্থানীয় একজন পল্লী চিকিৎসককে ডেকে আনলে তিনি আলীম উল্লাহ মারা গেছেন জানান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।