২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইসোলেশনের তিন রোগীর মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন তিন রোগীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 04:26 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

তাদের মধ্যে নগরীর পাথরঘাটা এলাকার ৫৫ বছর বয়েসী এক নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছিল। বাকি দুজনের মধ্যেও উপসর্গ ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজনই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

“নগরীর পাথরঘাটা এলাকার ওই নারী গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট ছিল। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

এছাড়া আইসোলেশন ইউনিটে ভর্তি আগ্রাবাদ থেকে আসা ৬৯ বছর বয়সী এক ব্যক্তি রোববার সকালে মারা যান। তার মধ্যেও করোনাভাইরাসের উপসর্গ ছিল বলে ডা. রব জানান।

তিনি বলেন, “ওই ব্যক্তির হৃদরোগও ছিল। গত বৃহস্পতিবার তিনি হাসাপাতালে ভর্তি হয়েছিলেন।”

শনিবার রাত ১০টার দিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরেক রোগী মারা যান আইসোলেশন ইউনিটে।

নগরীর লালখান বাজার এলাকার ৭২ বছর বয়েসী ওই ব্যক্তি হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তিনি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান ডা. রব।

তিনি বলেন, উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে, তারা কোভিড-১৯ আক্রান্ত ছিলেন কি না।

এখন মোট ১১৩ জন জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। তাদের মধ্যে সাতজন আছেন আইসিইউতে। চট্টগ্রামে এ পর্যন্ত ৩৩ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।