২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সহকারী কমিশনার, পুলিশ ও সাংবাদিকসহ আক্রান্ত ৭৫

চট্টগ্রামে জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার, একজন সাংবাদিক ও ছয় পুলিশ সদস্যসহ ৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 01:25 AM

Updated : 18 Aug 2022, 03:02 PM

শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে করা নমুনা পরীক্ষায় চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার ৭৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

এদের মধ্যে চারজন পুরনো রোগী বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

আক্রান্তদের মধ্যে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম অফিসের একজন প্রতিবেদক রয়েছেন।

টেলিভিশন স্টেশনটির ব্যুরো প্রধান অনুপম শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই প্রতিবেদক গত ১০ মে থেকে অসুস্থ হওয়ার পর থেকে অফিসে আসছিলেন না। পরে তার নমুনা সংগ্রহ করে শনিবার পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে। তিনি বর্তমানে তার বাসায় আইসোলেশনে আছেন।

শনিবার করা পরীক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন কর্মকর্তার নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জেলা প্রশাসনের স্টাফ অফিসার মাসুদ রানা জানিয়েছেন। আক্রান্ত ওই নারী কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার।

এছাড়া শনিবারের পরীক্ষায় চট্টগ্রাম মহানগর পুলিশের আরও ছয় পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দুইজন কনস্টেবল, তিনজন এএসআই ও একজন ট্রাফিক সার্জেন্ট রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৬০ জন পুলিশ সদস্য করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে মোট ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৩৩ জনের। তার মধ্যে চট্টগ্রামের ২৮ জন এবং অন্যান্য জেলার পাঁচজন রয়েছেন।

এদের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকার ১৯ জন এবং বিভিন্ন উপজেলার আছেন নয়জন। তার মধ্যে হাটহাজারী উপজেলার চারজন, পটিয়া উপজেলার তিনজন এবং সীতাকুণ্ডের দুইজন আছেন।

চট্টগ্রাম মেডিকেলের ল্যাবে নমুনা পরীক্ষা হয় ৯১টি। তার মধ্যে চট্টগ্রামের ৩৮ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নগরের ৩৫ জন এবং বিভিন্ন উপজেলার তিনজন আছেন। ৩৮ জনের মধ্যে তিনজন পুরনো রোগীর পুনরায় পজিটিভ আসায় নতুন আক্রান্ত হলেন ৩৫ জন।

অপরদিকে সিভাসুর ল্যাবে শনিবার পরীক্ষা করা হয় ৮৩টি নমুনা। এর মধ্যে ১২ জনের পজিটিভ পাওয়া গেছে। এরা সবাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অপরদিকে সিভাসুর শুক্রবারে করা নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে শনিবার জানানো হয়। এতে ১০০ নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে একজন চট্টগ্রাম মহানগরের এবং বাকি ২৪ জন বিভিন্ন উপজেলার।

জেলা সিভিল সার্জন ফজলে রাব্বী জানান, ওই একজন রোগী আগে থেকেই করোনাভাইরাস পজিটিভ ছিলেন। পুনরায় পরীক্ষায় তার আবারও পজিটিভ আসে।

শনিবার পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন এবং মারা গেছেন ৩২ জন।