২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মারা যাওয়া পুলিশ সদস্য করোনাভাইরাস আক্রান্ত ছিলেন

শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পুলিশ কনস্টেবল করোনাভাইরাস আক্রান্ত ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 07:55 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনায় তার রিপোর্ট পজিটিভ এসেছে।

শুক্রবার সকালে মারা যাওয়া পুলিশ কনস্টেবল নঈমুল হক (৩৮) চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর পর ট্রাফিক বন্দর বিভাগের উপ-কমিশনার তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, হাত ব্যাথার কারণে কনস্টেবল নঈমুল হক ২১ দিনের চিকিৎসা ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার শ্বাসকষ্ট শুরু হলে তাকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

উপ-কমিশনার তারেক জানান, নগরীর আমবাগান এলাকায় পরিবারের সাথে বাসা নিয়ে থাকতেন নঈমুল। বাসাতেই ছিলেন তিনি।

 নঈমুলের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে।