করোনাভাইরাস: যেভাবে এখনও ব্যতিক্রম কুতুবদিয়া
সারা দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও এখনও ব্যতিক্রম রয়েছে কক্সবাজারের কুতুবদিয়া, এই দ্বীপ উপজেলায় শুক্রবার প্রথম একজন রোগী শনাক্ত হয়েছে যিনি কয়েক দিন আগে চট্টগ্রাম ঘুরে গেছেন।
কক্সবাজার জেলার কোভিড-১৯ আক্রান্তের তথ্য সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাজাহান নাজির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার পর্যন্ত জেলায় মোট ১৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কুতুবদিয়ার একজন রয়েছেন।
তিনি উপজেলার উত্তর ধুরুং এলাকার ২৮ বছরের একজন নারী বলে কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অসুস্থতার জন্য প্রশাসনের অনুমতি নিয়ে ওই নারী সপ্তাহখানেক আগে চট্টগ্রামে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। ফেরার পর তার জ্বর হলে স্থানীয় একজন চিকিৎসককে তার চেম্বারে দেখিয়েছিলেন। শুক্রবার পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েছে।
“এ খবর পাওয়ার পর ওই নারীর বাড়ি এবং তিনি যেখানে ডাক্তার দেখিয়েছেন সেই চেম্বারসহ আশপাশের এলাকা লকডাউন করা হচ্ছে।”
এর আগ পর্যন্ত দ্বীপের ১৯৭ জন বাসিন্দার করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করে ১৯০ জনের ফল জানা যায়। তাদের সবার পরীক্ষা ফল নেগেটিভ এসেছে।
ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষের বসতির দ্বীপ উপজেলা কুতুবদিয়ার চারপাশেই সাগর।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এ বিষয়ে প্রস্তুতি শুরু হলে কুতুবদিয়াতেও মাইকিং করা হয়। জানানো হয় জরুরি সেবার ফোন নম্বর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেউ ফোন করলেই আমরা তার বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করি। স্বাস্থ্য বিধি মেনে চলা, উপসর্গ দেখা দিলে তার চিকিৎসার বিষয়ে তাদের জানাই এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হাইড্রোক্লোরো কুইনিন ও এজিথ্রোমাইসিন ওষুধ দিয়ে সেবন বিধি ভালো করে জানিয়ে দিই।”
পরে প্রয়োজনমতো তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় কক্সবাজার মেডিকেল কলেজে। এখন পর্যন্ত বিদেশ ফেরতসহ মোট ৬২ জনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে কুতুবদিয়ায়।
সরকারি সাধারণ ছুটি ঘোষণার সাথে সাথেই কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণ ধুরুং এর দরবার ঘাট, উত্তর ধুরুং সতরউদ্দিন ঘাট এবং আকবর বলি পাড়া এই পাঁচটি ঘাটে যাত্রাবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এরপরও রাতের আঁধারে সংযুক্ত তিলককাটাসহ কয়েকটি খাল ধরে, সৈকতের কৈয়ারবিল, আমজাখালি অংশ এবং প্যারাবান দিয়ে লোকজন নৌযানে করে দ্বীপে প্রবেশের চেষ্টা করতে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা উপকূলের বিভিন্ন পয়েন্টে কাজ শুরু করেন।
শুক্রবার পর্যন্ত দ্বীপের বিভিন্ন স্কুল, দুটি হোটেল এবং সরকারি ডাকবাংলোর একাংশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ৪৯৪ জন। এর মধ্যে ১৪ দিনের সময়সীমা শেষ করে ১৪৮ জন বাড়ি ফিরে গেছেন।
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লোকজনের পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে। পরিবারের সদস্যরা এসে রান্না করা খাবার দিয়ে যান।
কুতুবদিয়ার ওসি দিদারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ ও লবণের নৌযান চলাচল করলেও বাইরে থেকে লোক আসা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নারায়ণগঞ্জে লবণের নৌযান আসা-যাওয়া এখন পুরোপুরি বন্ধ।
“শুরুর দিকে নিয়ন্ত্রণ করায় বাইরের থেকে লোকজন আসার চেষ্টা এখন কম। পাশাপাশি উপজেলার ভেতর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বাজারে যাতে ভিড় না হয় সেটা নিয়মিত মনিটর করা হয়।”
এছাড়া অপ্রয়োজনীয় দোকানপাট যাতে না খোলে এবং মসজিদে যাতে জনসমাগম সীমিত থাকে সে বিষয়েও নজর রাখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
আসন্ন ঈদে বাইরে থেকে দ্বীপে লোক সমাগম নিয়ন্ত্রণ করা গেলে কুতুবদিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব বলে আশাবাদী ওসি দিদারুল ফেরদৌস।
উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাইরে থেকে যে-ই আসুক তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মাস্ট, কোনো অজুহাত খাটবে না। এরপর টেস্ট করে তাদের আমরা ছাড়ছি। আমরা চেষ্টা করছি। তবে এত কড়াকড়ির মধ্যেও বাইরে থেকে দ্বীপে প্রবেশ থেমে নেই।”
এর আগে গত ১১ মে কক্সবাজার সদরের কুতুবদিয়া পাড়া এলাকার এক বাসিন্দার করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল পজিটিভ আসে। তার বাড়ি কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিলে।
“সব সরকারি-বেসরকারি সংস্থা ও জনপ্রতিনিধিসহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এবং সবার সহযোগিতায় আমরা কুতুবদিয়াকে করোনাভাইরাস মহামারী থেকে রক্ষার চেষ্টা করে যাচ্ছি।”
