‘লকডাউনের’ মধ্যে বাসার গ্রিল ভেঙ্গে চুরি
করোনাভাইরাসের প্রদুর্ভাব ঠেকাতে চলা অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে চট্টগ্রামের একটি বাসায় গ্রিল ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর রাতে কোতোয়ালী থানার হেমসেন লেইনে গ্রিনলেইজ ব্যাংক কলোনির সাজেদা ভিলা নামের সাততলা ভবনের চতুর্থ তলায় এ চুরির ঘটনা ঘটে।
ওই বাসায় চুরির ঘটনা ঘটেছে তার বাসিন্দা অনিন্দ্য কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাবারের পর রাত একটার দিকে সবাই যে যার ঘরে ঘুমাতে যান।
তার ৭০ বছর বয়সী মার ঘরের সাথে বারান্দা আছে জানিয়ে তিনি বলেন, ““মার রুমের বারান্দার গ্রিল বাঁকা করে চোরের দল ভেতরে ঢুকে আলমারি খুলে জিনিসপত্র নিয়ে গেছে।
অনিন্দ্য আরও জানান, তার মা বিছানার পাশে একটি চেয়ারের উপর একটি ব্যাগে আলমারির চাবি রাখেন। চোরেরা ব্যাগ থেকে চাবি নিয়ে আলমারি খুলেছে।
“ওই ব্যাগে মার পাসাপোর্টসহ প্রয়োজনীয় কাগজ, স্বর্ণালঙ্কার ও টাকা ছিল। কিন্তু ব্যাগ থেকে সব কাগজপত্র বারান্দায় ফেলে রেখে অলঙ্কার, টাকা নিয়ে গেছে।”
ঘটনার পর কোতোয়ালী থানা পুলিশের একটি দল বাসাটি পরিদর্শন করেছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “চুরির বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। একটা টিমও ইতোমধ্যে তৈরি করেছি। তারা কাজ শুরু করেছে।”
