ফটিকছড়িতে চার বছরের শিশুর ‘হন্তারক’ তার চাচি
চট্টগ্রামের ফটিকছড়িতে চার বছরের শিশু দিহানকে হত্যার কথা ‘স্বীকার করেছেন’ তারই আপন চাচি।
রেশমা আক্তার নামে ওই নারী পারিবারিক বিরোধের জের ধরে ‘এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন’ জানিয়ে সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন।
রোববার দুপুরে উপজেলার পাইন্দংয়ে নিজেদের বাড়ির পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে চার বছর বয়সী দিহানের লাশ উদ্ধার করা হয়। তার গলা, মুখ, পেট ও হাতে বেশ কিছু ছূরিকাঘাতের চিহ্ন ছিল।
এরপর রাতেই দক্ষিণ পাইন্দংয়ের নিজ বাড়ি থেকে দিহানের চাচি রেশমাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুম।
দিহানের বাবা প্রবাসী দিদারুল আলম এবং গ্রেপ্তার রেশমা আক্তারের স্বামী আবুল হাশেম আপন ভাই।
অতিরিক্ত উপ-পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে দিহানের চাচির সাথে প্রবাসী দিদারের পরিবারের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে রোববার দুপুরে শিশুটিকে বাড়ির পেছনে ধরে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে বলে স্বীকার করেছেন তিনি।
