চট্টগ্রামে আক্রান্ত ব্যক্তি পুলিশ সদস্য
ফৌজদারহাটের বিআইটিআইডিতে শুক্রবারের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের যে ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে তিনি পুলিশের একজন সদস্য।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক জানান, আক্রান্ত পুলিশ সদস্য চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর। দামপাড়া পুলিশ লাইন ব্যারাকে থাকতেন তিনি।
তাকে নিয়ে চট্টগ্রামে ছয়জন পুলিশ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
শুক্রবার মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর মধ্যে দুইজনের নমুনায় করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে। এদের একজন চট্টগ্রাম মহানগরীর দামপাড়া এলাকার ৩৮ বছর বয়সী পুরুষ এবং অন্যজন লক্ষ্মীপুর সদরের ৪০ বছর বয়সী পুরুষ।
দামপাড়ার ওই ৩৮ বছর বয়সী ব্যক্তিই পুলিশের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর।
তাকে নিয়ে চট্টগ্রাম জেলায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪ জনে। আর চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা হয়েছে ৮২ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে মোট দুই হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিআইটিআইডিতে চট্টগ্রাম জেলা ছাড়াও বিভাগের অন্যান্য কয়েকটি জেলার নমুনাও পরীক্ষা করা হয়ে থাকে।
শুক্রবার পর্যন্ত চট্টগ্রামের জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডির করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে ভাইরাস মুক্ত থেকে সুস্থ হয়ে ১২ জন বাড়ি ফিরে গেছেন বলে জানান জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
