২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল করে’ এমবিবিএস লিখে রোগী দেখছিলেন তিনি

হোমিওপ্যাথি চিকিৎসার ডিপ্লোমা করে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী অধ্যাপক উল্লেখ করে কার্ড বানিয়ে চট্টগামে চেম্বার খুলে রোগী দেখছিলেন মোহাম্মদ সোলায়মান নামে এক ব্যক্তি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 05:31 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বৃহস্পতিবার হাটহাজারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ভুয়া চিকিৎসক ধরা পড়ার পর প্রতারণার কথা স্বীকার করে বলেছেন, ‘ভুল করে’ ওই কাজ করেছেন তিনি।  

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌরসভার মেখল রোডে ‘নাছরিন ভবন’ নামে চার তলা একটি বাড়ির নিচ তলায় ডক্টর’স কেয়ার এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে পান তারা।

তিনি জানান, বাসাটিতে দুই রুমে পরিবার নিয়ে থাকেন সোলায়মান। আর অন্য দুই রুমের একটিকে চেম্বার আর অন্যটিকে দুই শয্যার হাসপাতাল বানিয়েছিলেন। সেখানে এক রোগীও ভর্তি ছিল।

৬০ বছর বয়সী সোলায়মান সেখানে দুই শয্যার হাসপাতাল বানিয়ে রোগী দেখতেন। নামের আগে অধ্যাপক লিখে এমবিবিএসসহ আরও কয়েকটি ডিগ্রি যুক্ত করে কার্ডও বানিয়েছিলেন তিনি। লিখেছেন স্বাস্থ্য সেবায় ‘স্বর্ণ পদক’ প্রাপ্ত তিনি।

ইউএনও বলেন, “ভ্রাম্যমাণ আদালতকে সহায়তার জন্য সাথে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোলায়মানকে কোথা থেকে এমবিবিএস পাস করেছেন জানতে চাইলে তিনি পাস করেনি এবং ‘ভুলে’ লিখেছেন বলে জবাব দেন।”

এসময় সোলায়মানকে অন্যান্য ডিগ্রির সনদ দেখাতে বললে হোমিওপ্যাথি ডিপ্লোমার একটি সনদ দেখান বলে জানান ইউএনও।

তিনি জানান, সোলায়মান আগে হাটহাজারীর ১১ মাইল এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। বছর খানেক আগে তিনি পৌরসভার নাছরিন ভবনে ওঠেন।

সোলায়মানের বয়স ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় কোনো প্রকার সাজা না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে তার চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।