চট্টগ্রাম মেডিকেলে পৌঁছেছে করোনাভাইরাস শনাক্তের সরঞ্জাম
চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) করোনাভাইরাস শনাক্তের জন্য স্থাপন করা ল্যাবের জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিনসহ সরঞ্জাম ঢাকা থেকে এসে পৌঁছেছে।
সোমবার ঢাকা থেকে ২৫ প্যাকেট যন্ত্রপাতি এসে পৌঁছেছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ শামীম হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিনের মধ্যে এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন হবে।”
এরপর করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমি ভবনের নিচতলার পূর্ব পাশে স্থাপন করা হয়েছে এই ল্যাব।
অধ্যক্ষ শামীম হাসান জানান, পুরোপুরিভাবে ল্যাব চালু হলে চট্টগ্রামের বিভিন্ন সেন্টার থেকে নমুনা সংগ্রহ করে এখানে পরীক্ষা করা হবে।
চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এর ল্যাবে চট্টগ্রাম বিভাগের করোনাভাইরাসে আক্রান্ত কিংবা সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেলের ল্যাবটি হবে চট্টগ্রামে এই ভাইরাস শনাক্তকরণের দ্বিতীয় ল্যাব।
