জুন পর্যন্ত পানির বিলে বিলম্ব ফি নেবে না চট্টগ্রাম ওয়াসা
করোনাভাইরাসের মহামারীর মধ্যে গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে আগামী জুন মাস পর্যন্ত পানির বিলে বিলম্ব ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরায় শেখ হাসিনা পানি শোধনাগার পরিদর্শন শেষে এ সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ।
ভাইরাসের সংক্রমণ এড়াতে বারবার হাত ধোয়া, গোসল করা এবং কাপড় ধোয়া বেড়ে যাওয়ায় চট্টগ্রামে এখন দৈনিক সাত কোটি লিটার পানি বেশি ব্যবহার হচ্ছে জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আবাসিক গ্রাহকদের এই চাপ মেটাতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে দেড় কোটি লিটার পানির উৎপাদন বাড়ানো হয়েছে।”
চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী-কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে তিন শতাধিক মানুষ পানি উৎপাদন ও সরবরাহের সাথে যুক্ত। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্ল্যান্টেই থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ফজলুল্লাহ।
আগামী রোজার মাসেও যাতে চট্টগ্রামে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করা সম্ভব হয়, সেজন্য বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে চট্টগ্রাম ওয়াসার পানির চাহিদা দৈনিক ৪২ কোটি লিটার, এর মধ্যে প্রতিদিন ৩৬ কোটি লিটার পানি তার উৎপাদন ও সরবরাহ করতে পারছেন।
