২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মশার বিরুদ্ধে লড়াইয়ে নগরবাসীকে পাশে চান নাছির

মশাবাহিত রোগ প্রতিরোধে এবার নগরবাসীর সহায়তা চাইলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 08:25 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মেয়র এইডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে নগরীর বাসিন্দাদের সহায়তা চাইলেন।

বিবৃতিতে মেয়র নাছির বলেন, “পরিষ্কার ও বদ্ধ পানি এইডিস মশার প্রজনন ক্ষেত্র। তাই বাসাবাড়ির আশপাশে ডাবের খোসায়, ফুলের টবে, ছাদে, ফ্রিজের নিচের ট্রেতে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

“এখনই এইডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত সময়। ভারী বর্ষণ কিংবা থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বাড়ির আশপাশ, ফুলের টব, আবর্জনা ফেলার পাত্র, প্লাষ্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাষ্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারিকেলের মালা, ব্যাটারি সেল, পলিথিন, চিপসের প্যাকেট এবং নালা-নর্দমায় জমে থাকা বৃষ্টির পানিতে এইডিস মশার প্রজনন বৃদ্ধি পেতে পারে।”

এক্ষেত্রে জনসচেতনতাকে গুরুত্ব দিয়ে মেয়র বলেন, “কোনো পাত্রেই পানি জমিয়ে রাখা যাবে না। তার উপর বৃষ্টির পর বাড়ির আশপাশে পানি জমে থাকলে তাও পরিষ্কার করে ফেলতে হবে। জমে থাকা পানি ছাড়া এইডিস মশা বংশবৃদ্ধি করতে পারে না।”

সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীতে প্রাপ্তবয়স্ক মশা নিধনের জন্য এডাল্টিসাইড এবং মশার লার্ভা (ডিম) ধ্বংসের জন্য লার্ভিসাইড ওষুধ ছিটানো হচ্ছে বলেও বিবৃতিতে জানান মেয়র।

এসব বিষয়ে বিশেষ নজর দিয়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগকে আরও বেশি তৎপর হয়ে কাজ করার জন্য তাগিদ দেন নাছির।

বিশেষ মশক নিধন অভিযান শুরুর পর নগরের ৪১টি ওয়ার্ডে ১২০ জন শ্রমিক ওষুধ ছিটানো শুরু করেছে।

এবার ২ কোটি টাকার ২৫ হাজার লিটার এডাল্টিসাইড, ১০ হাজার লিটার লার্ভিসাইড ওষুধ কিনেছে চসিক। করপোরেশনে ১১০টি ফগার ও ৩৫০টি হ্যান্ড স্প্রে মেশিন আছে।

প্রতিবছর সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত মশক নিধন কার্যক্রম চললেও এবার চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে বলেও বিবৃতিতে জানানো হয়।

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীর চাক্তাই খালসহ বিভিন্ন খালে বাঁধ দেয়ার কারণে মশার প্রজনন ক্ষেত্র সৃষ্টি হওয়ার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়- এ বিষয়ে মেয়র প্রকল্প পরিচালকের সাথে কথা বলে পাইপ লাইন বসিয়ে স্থির পানিগুলো সরিয়ে ফেলতে বলেছেন।

“অবশ্য সেনাবাহিনী বিকল্প ব্যবস্থায় পানি প্রবাহ গতিশিল রাখতে পদক্ষেপ নিয়েছেন। কাজটি দ্রুত সম্পন্ন করা না হলে এইডিস মশার প্রজনন বেড়েই চলবে।”

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পূর্ত কাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর।

এর আগে ৯ এপ্রিল মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন করে মেয়র বলেছিলেন, শুধু ওষুধ ছিটিয়ে মশা নিধন সম্ভব নয়।

জলাবদ্ধতা প্রকল্পের আওতায় খালে দেয়া বাঁধ মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে বলেও মন্তব্য করেছিলেন মেয়র।

তার দুই দিন আগে ৭ এপ্রিল ভিডিও কনফারেন্সে ১০ দিনের মধ্যে মশা সহনীয় পর্যায়ে আসবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন মেয়র।

এরও এক সপ্তাহ আগে নগরীতে মশা নিধনে জোর দেয়ার কথা বলেছিলেন মেয়র নাছির।