ট্রাক-পিকআপ এমনকি বাইকেও নগরী ছাড়ছে মানুষ
নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইকে চড়ে নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় লোকজন যাওয়ার প্রমাণ পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযান দল।
বৃহস্পতিবার নগরীর কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় এ রকম চিত্রই দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। এসব ঘটনায় ৩৫ জনকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যখন গণপরিবহন চলাচল নিষেধ এমন পরিস্থিতিতে ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়ি এমনকি মোটরসাইকেলে চড়ে লোকজন পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়া যাচ্ছিল।
সেখানে অপরাধ বিবেচনায় সাতটি মামলায় মোট ৩৫ জনকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকাল ৯টা থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান চলে।
মাস্ক-স্যানিটাইজারের দাম বেশি রাখায় জরিমানা
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ জানান, ১২ নম্বর ঘাট এলাকায় এক নৌযানে ১৯ জন নিয়ে চলাচল করায় সেটি জব্দ করা হয়। পরে আলাদা দুটি নৌযানে ওই সব যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।
নগরীর আকবর শাহ, পাহাড়তলি, হালিশহর এলাকায় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, পুলিশ ও সেনাবাহিনীর একটি দল মূল রাস্তার পাশাপাশি বিভিন্ন অলি-গলিতে তল্লাশি ও অভিযান পরিচালনা করে।
এদিকে নগরীর আগ্রাবাদ এলাকায় একটি রওজা শরীফে সন্ধ্যায় ১৫টি শিশু নিয়ে মিলাদ মাহফিল আয়োজন করায় স্থানীয় মো. মিজান নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
