লকডাউনে সাতকানিয়ার এক ওয়ার্ডের ৩৪৩টি পরিবার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মৃত এক ব্যক্তির মধ্যে নভেল করোনভাইরাস শনাক্ত হওয়ার পর একটি পুরো ওয়ার্ডকে অবরুদ্ধ রাখা হয়েছে।
ঢেমশা ইউনিয়নের ৩৪৩টি পরিবারের আবাস পশ্চিম ঢেমশা ৩ নম্বর ওয়ার্ডকে রোববার ‘লকড ডাউন’ করা হয়েছে বলে সাতকানিয়ার ইউএনও নুর এ আলম জানান।
আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসায় সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসকসহ মোট ১০ জনের পরিবার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাঁচজন কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এছাড়া মৃত ব্যক্তির দুই ছেলে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক ও এম্বুলেন্সের চালকের করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষারও উদ্যোগ নেয়া হয়েছে।
সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের আলীনগর এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ (৬৯) বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মারা যান।
শনিবার নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজেটিভ ফল আসে ফৌজদারহাটের বিআইটিআইডিতে।
নুর এ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সারা রাত ধরে উনার সংস্পর্শে কারা কারা এসেছে তা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি।
“ওই ওয়ার্ডে ৩৪৩টি পরিবার থাকে। পুরো ওয়ার্ডটি লকড ডাউন করা হয়েছে। এছাড়া জানাজায় এবং গোসলে অংশ নিয়েছিলেন এমনসহ মোট ৩৯২টি পরিবারকে লকড ডাউন করা হয়েছে। গ্রামের বাইরের কেউ কেউ জানাজায় এসেছিলেন। সব মিলিয়ে প্রায় তিন হাজার লোক।”
তিনি বলেন, কেরানিহাটের যে হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল সেখানকার দুই ডাক্তারের পরিবারসহ মোট ১০টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
“উনার দুই ছেলে, অ্যাম্বুলেন্স চালক, সিএনজিচালক এবং লাশ ধোয়ার কাজে ছিলেন এমন একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন। তাই আমাদের চিকিৎসকরা উনার সংস্পর্শে যাননি। মাস্টার রোলের একজন কর্মচারীসহ মোট পাঁচজন কর্মচারী সংস্পর্শে গিয়েছিলেন।
“তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি অবজারভেশন সেলে যারা কাজ করেন তাদেরও গাইড লাইন দেয়া হয়েছে।”
