২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মৃত একজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রামে আরও তিনজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এদের মধ্যে একজন নমুনা পরীক্ষার আগেই মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 10:33 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

শনিবার ফৌজদারহাটের বাংলাদেশ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এ ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের মধ্যে তিনটি নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাদের মধ্যে চট্টগ্রাম জেলার দুইজন এবং লক্ষ্মীপুরের একজন।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকার ৫০ বছর বয়সী একজন এবং সাতকানিয়া আলী নগর এলাকার ৬৯ বছর বয়সী একজন আছেন। আর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আক্রান্ত ব্যক্তির বয়স ৩২ বছর।

সিভিল সার্জন ফজলে রাব্বী বলেন, “করোনা পজিটিভ হওয়া সাতকানিয়ার রোগীটি মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।”

তবে কখন কোথায় কীভাবে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি। 

বিআইটিআইডিতে চট্টগ্রাম জেলাসহ বিভাগের কক্সবাজার ছাড়া অন্য জেলাগুলোর নমুনা পরীক্ষা করা হয়। সে হিসেবে চট্টগ্রাম জেলায় এ নিয়ে নয়জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

শনিবারই প্রথম চট্টগ্রামের বাইরে লক্ষ্মীপুর জেলার একজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেল।

জেলা সিভিল সার্জনের হিসাবে এ পর্যন্ত বিআইটিআইডিতে মোট ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।