২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোকান খোলা, চট্টগ্রামে ৯৭ হাজার টাকা জরিমানা

সরকারের নিষেধ না মেনে জনসমাগম এবং দোকানপাট খোলা রাখায় চট্টগ্রামে ৫৬টি মামলা করে ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 10:07 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় শনিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীতে এসব অভিযান চলে।

দোকান আংশিক খোলা রেখে বেচাকেনা চালিয়ে যাওয়া, চা দোকান, ইলেকট্রনিক্স পণ্য সামগ্রির দোকান খোলা রাখাসহ বিভিন্ন অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করেন ম্যাজিস্ট্রেটরা।

এছাড়া টিসিবির পণ্য বিক্রিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, মিনিবাস চালক ও সহকারীদের গাড়ি বের না করতে আহ্বান জানানোসহ জনগণকে নভেল করোনাভাইরাস প্রতিরোধে সচেতন করতে অলিগলিতে মাইকিং করা হয় অভিযানের সময়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিহার্য প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে এবং সামাজিক দূরত্বের নিয়ম না মানলে তারা জরিমানা করছেন। “জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরের যেতে নিষেধ করেছে। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হলে আইনানুগ শাস্তি দেয়া হবে।”

তিনি বলেন, “অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হতে অনুরোধ করছি। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হয়েছে।”

নগরীর বাকলিয়া, পাঁচলাইশ, খুলশী, চান্দগাঁও, বায়েজিদ, সদরঘাট, কোতোয়ালি, চকবাজার, ডবলমুরিং, বন্দর, পতেঙ্গা, ইপিজেড, পাহাড়তলি, হালিশহর, আকবর শাহ ও এ কে খানসহ বিভিন্ন এলাকায় এদিন অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি।