২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চট্টগ্রামে নানা আয়োজন

চট্টগ্রামে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 10:04 PM

Updated : 10 Oct 2022, 07:03 PM

মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জাতির জনকের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেস ক্লাব নেতারা। পরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ মুদ্রার এপিঠ-ওপিঠ মন্তব্য করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের  (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দেভাষ বলেন, “আজ থেকে শতবর্ষ পূর্বে এক অজপাড়া গায়ে জন্মগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হত না।

“যুদ্ধবিধস্ত নবসৃষ্ট দেশ যখন তিনি পুনর্গঠন করছিলেন, ঠিক তখনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে হায়েনার দল।”

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্যে ছিল বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে ফেলা।

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন, মো. রেজা, সাবেক সভাপতি আবু সুফিয়ান, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মো. আলী, বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদুল আলম, সিইউজের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের সাবেক যুগ্ম সম্পাদক আসিফ সিরাজ।

সকাল সাড়ে ৯টায় দামপাড়া পুলিশ লাইন্সের জনক চত্বরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে পালন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশে সশস্ত্র সালাম দেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান। পরে প্রতিকৃতিতে ফুল দেওয়ার পাশাপাশি কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সোমবার রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বালন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আতশবাজি পোড়ানোর মাধ্যমে মুজিববর্ষকে স্বাগত জানানো হয়।

মঙ্গলবার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে মুজিব বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এদিন দুপুরে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কর্ম ও জীবন’ শীর্ষক আলোচনা সভা।