২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির শাহাদাতের

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মেয়র পদে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 12:41 AM

Updated : 18 Aug 2022, 02:42 PM

তার প্রধান নির্বাচনী এজেন্ট আবদুল্লাহ আল নোমান সোমবার সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের হাতে এই লিখিত অভিযোগ দিয়ে আসেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান পরে সাংবাদিকদের বলেন, নগরীর নাসিরাবাদ ও পলিটেকনিক এলাকায় গত কয়েক দিনে ধানের শীষের পোস্টার লাগাতে গেলে ‘সন্ত্রাসীরা’ বাধা দিয়েছে।

“পোস্টার ছিঁড়ে ফেলেছে, কর্মীদের মারধর করে প্রচার মাইক ভেঙে ফেলেছে। এছাড়া পুলিশও বিএনপির পোস্টার লাগাতে বাধা দিচ্ছে।”

লিখিত অভিযোগে বলা হয়, গত রোববার পলিটেকনিক এলাকায় শাহাদাতের প্রচার মাইক ভাঙচুর করা হয়। সে সময় বিএনপির এক কর্মীও আহত হন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“এছাড়া ওই দিন গভীর রাতে নগরীর বক্সিরহাট রাজাখালী এলাকায় ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলা হয়। পোস্টার লাগাতে গেলে বিএনপি কর্মীদের বাধা দেওয়া হয়। নতুন ব্রিজ এলাকাতেও প্রচার চালাতে গিয়ে বাধাপ্রাপ্ত হন বিএনপি কর্মীরা।”

লিখিত অভিযোগে বলা হয়, সোমবার সকালে ১৮ নম্বর পূর্ব বাকলিয়া এলাকায় বিএনপি নেতা সেলিমকে ‘ওয়ারেন্ট না থাকার পরও’ আটক করার ‘চেষ্টা করে’ সাদা পোশাকের পুলিশ।

এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেন নোমান।  

অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।