চবির ইতালি ফেরত শিক্ষককে ঘরে থাকার পরামর্শ
ইতালিতে নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে দেশটি ফেরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে নিজ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
ওই শিক্ষক গত ৫ মার্চ পিএইচডি গবেষণা শেষ করে বাংলাদেশে পেরেন।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শিক্ষক ইতালি থেকে আসার পর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন।
“তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। কিন্তু ইতারি ফেরত হওয়ায় ১৫ দিন নিজ ঘরে থাকতে (হোম কোয়ারেন্টাইন) পরামর্শ দেয়া হয়েছে।”
ওই শিক্ষককের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।
বাংলাদেশে করোনাভাইরাস ঠেকাতে বিদেশ থেকে সব ব্যক্তিই অন্তত ১৪ দিন ঘরে থাকার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। এই সময় অসুস্থ হলে যোগাযোগ করতে বলা হয়েছে আইইডিসিআরের হটলাইনে।
বাংলাদেশে যে তিনজন কভিড-১৯ রোগী ধরা পড়েছে, তার দুজনই ইতালি ফেরত। অন্য একজন হলেন ইতালি ফেরত একজনেরই স্বজন।
চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে চার হাজার ছাড়িয়েছে। চীনের বাইরে সবচেয়ে বেশি ৪৩২ জন মারা গেছে ইতালিতে।
