২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমৃদ্ধ চট্টগ্রাম’ গড়ার প্রতিশ্রুতিতে রেজাউলের প্রচার শুরু

প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে উন্নয়নের ধারা অব্যাহত রেখে ‘সমৃদ্ধ চট্টগ্রাম’ গড়তে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 09:32 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

সোমবার দুপুরে নগরীর শাহ সুফী আমানত খান এর মাজারে নামাজ পড়েন তিনি।

সেখানে সাংবাদিকদের প্রশ্নে রেজাউল করিম বলেন, “জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তা মানুষকে জানাতে পারলে নৌকা জয়ী হবে।”

সেখান থেকে নগরীর কে সি রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন রেজাউল।

এরপর নগরীর আন্দরকিল্লা ও পাথরঘাটা ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। সঙ্গে ছিলেন নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে রেজাউল করিম বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে দেশকে নিয়ে যাওয়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিস্ময়কর উন্নয়ন কর্মযজ্ঞ চলছে।

“চট্টগ্রামের অভ্যন্তরীণ ও জাতীয় উন্নয়ন কর্মযজ্ঞের কারণে নগরীতে জনসংখ্যা ও পরিবহন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর সেবার মান, সহজ জীবনযাত্রা ও নগর উন্নয়ন ইত্যাদিতে অনেক জটিলতা থেকে যায়।”

তিনি বলেন, “জয়ী হলে আমি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব জটিলতা দূর করে পরিকল্পিত, আধুনিক ও সমৃদ্ধ চট্টগ্রাম মহানগর গড়ার লক্ষ্যে কাজ করব।”

এর আগে কে সি দে রোডে নির্বাচনী কার্যালয়ে প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

সেখানে নগর কমিটির সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আরেক সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, নগরের সম্পাদকমণ্ডলীর সদস্য ইফতেখার সাইমুল চৌধুরী, যুবলীগের নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম ও সদস্য সচিব শহীদুল হক রাসেল প্রমুখ।