বিদ্রোহীদের সরে দাঁড়াতে নাছিরের অনুরোধ
সিটি নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও সতর্ক করেছেন তিনি।
শনিবার বিকালে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে সাতই মার্চ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
রোববার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে দলের ‘কৌশল’ নির্ধারণে চট্টগ্রামে আসছেন। এর একদিন আগে নাছিরের কাছ থেকে বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি এলো।
নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, “আজকের এই সভার মাধ্যমে আমি অনুরোধ করব দল যাদেরকে মনোনয়ন প্রদান করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যাদের মনোনয়ন প্রদান করেছেন, আপনারা তাদের অনুকূলে অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করে দলের প্রতি সম্মান প্রদর্শন করবেন।”
“এবং দলের প্রতি আপনাদের আনুগত্যের বহি:প্রকাশ ঘটাবেন। রাজনীতি কিন্তু একদিনের বিষয় নয়। রাজনীতি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা সবাই চলে যাব। আমাদের অবর্তমানে আমরা কী করেছি সেটাই মূল্যায়ন হবে। সেই পর্যন্ত সবাই ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি।”
নাছির বলেন, “আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য মহানগরের সকলে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে বিজয়ী করব। মেনে রাখতে হবে সংগঠনের সিদ্ধান্তের বাইরে যারা অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভাপতির বক্তব্যে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “আমাদের মধ্যে ছোটখাটো মতভিন্নতা থাকতে পারে, তবে বিভ্রান্তি নয় এবং আর্দশ বিচ্যুতি নয়, ঐক্যই আমাদের শক্তি।”
এরআগে ২ মার্চ যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় দলের কাউন্সিলর প্রার্থীরা কিভাবে মনোনয়ন পেয়েছেন তা জানেন না দাবি করে ক্ষোভ ঝেড়েছিলেন নাছির।
এরপর ৪ মার্চ দলের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দলের বিদ্রোহী প্রার্থীদের ত্যাগের আহ্বান জানিয়েছিলেন।
শনিবারের সভায় আ জ ম নাছির দলকে সংগঠিত করার আহ্বান জানিয়ে বলেন, “সকল ধরনের সংকীর্ণতা পরিহার করতে হবে এবং দলকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করতে হলে আমাদের চিন্তা, ভাবনা, ধ্যান ধারণার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
“আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা আকাশচুম্বী। কিন্তু সংগঠন হিসেবে যদি আমরা বিবেচনা করি আমাদের সফলতা ঠিক উল্টো। আমাদের সফলতা তলানীতে।”
সভায় নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, সুনীল সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, সম্পাদকমন্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর ও মশিউর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
