আওয়ামী লীগের ‘ভয়’ কাজে লাগাতে চান খসরু
আওয়ামী লীগের মধ্যে থাকা বিভিন্ন ‘ভয়’কে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাজে লাগিয়ে জয়ী হতে চায় বিএনপি।
দলীয় নেতাকর্মীদের প্রতি এমনটাই আহ্বান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে সিটি নির্বাচন উপলক্ষে মহানগর বিএনপির এক বর্ধিত সভায় তিনি বলেন, “তাদের (আওয়ামী লীগ) মনে ভীষণ ভয়, বেগম খালেদা জিয়াকে ভয়, জনগণকে ভয়, জনগণের ওপর তাদের আস্থা নেই। তাদের ভয়ের কারণে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারছে না। পুলিশ, র্যাব, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করতে হচ্ছে।
“এই পুলিশ, র্যাব ও সরকারি কর্মকর্তাদের একটি অংশ সক্রিয়ভাবে দলীয় ভূমিকা পালন করছে। বাকীরা পছন্দ করছে না, কিন্তু চাকরির ভয়ে কিছু বলতে পারছে না। তাদের সব জানা আছে। যাদের দিয়ে কাজ করাচ্ছে তারা যে জানে সেটাতেও তাদের ভয়। সবকিছুতে তারা আতঙ্কের মধ্যে আছে। তাদের এ ভয়টাকে আমাদের কাজে লাগাতে হবে।”
সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “আওয়ামী লীগের অবস্থা করুণ। আমরা বিএনপি দুঃখ-কষ্টের মধ্যে আছি, সব ঠিক আছে। কিন্তু তাদের মতো করুণ অবস্থা বিএনপির নয়। তাদের মতো ভীতসন্ত্রস্ত বিএনপি নয়। ওদের ভয় আপনারা দেখতে পাচ্ছেন না, তারা ক্ষমতায় সে কারণে।”
তিনি বলেন, “নির্বাচনী আইন তারা সুবিধামত বদলাতে বদলাতে এমন জায়গায় নিয়ে গেছে এখন আইনেও আর কভার করছে না। এখন তাদের একটা মেশিন লাগবে, সে মেশিন ইভিএম।
“তাদের এখন ইভিএম লাগবে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কেন্দ্রের বাইরে জড়ো করে ভয় প্রদর্শন করতে হবে। তারপর একজন ফিঙ্গার প্রিন্ট দেবে, আওয়ামী লীগের নেতারা ভোট দেবে। তারপরও কুলাচ্ছে না। প্রিজাইডিং অফিসারের এক পার্সেন্ট, ফাইভ পার্সেন্ট এখন ১৩ পার্সেন্টে নিয়ে গেছে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে খসরু বলেন, “নির্বাচন নিয়ে যে অবস্থা চলছে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। আমরা মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেছিলাম সেটা একটা অবস্থা একটা প্রেক্ষাপটে একধরনের কৌশল ও নির্বচনী ম্যানেজমেন্টে আমরা জিতেছি। এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। এই নতুন প্রেক্ষাপটে আমাদের নতুন করে চিন্তা করতে হবে।”
এবার সিটি নির্বাচনের জন্য ঐক্য, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য আগে থেকে পৃথক এজেন্ট ঠিক করা, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি গ্রহণ এবং প্রতি কেন্দ্র ঘিরে একশ নেতাকর্মীকে দায়িত্ব নিতে নির্দেশনা দেন খসরু।
“আমাদের প্রার্থী যোগ্য, মেধাবী এবং সমাজে গ্রহণযোগ্য। একজন প্রার্থীর যা কিছু প্রয়োজন সব আমাদের প্রার্থীর আছে। জনগণ দুইজন প্রার্থীকে বিচার করবে। আমি মনে করি প্রার্থী বিচারে আমরা অনেক এগিয়ে আছি।
“এখানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি প্রার্থী জয়ী। ওখানে কতজন জড়ো হয়েছে সেটাতে ভাবার কিছু নাই। আমাদের ১০০ জন জড়ো করতে হবে। সাহসের সাথে মোকাবেলা করতে হবে।
“মনোবল নিয়ে নির্বাচনে নামলে বিশাল ভোটে জয়ী হব আমরা। সম্মিলিতভাবে কাজ করে মেয়র কাউন্সিলরদের জয়ী করতে পারব।”
তিনি বলেন, “যে যত বড় নেতা হোক, তাকে কেন্দ্রে যেতে হবে। নিজের কেন্দ্রে গিয়ে প্রার্থীকে জিতিয়ে এনে প্রমাণ করতে হবে আপনি বড় নেতা।
“ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগ শতভাগ নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। বিএনপি শতভাগ বিধি মেনে নির্বাচন করেছে। তারপরও তাদের ভয়। যেহেতু নির্বাচনী বিধি ভঙ্গ করলে নির্বাচন কমিশনে কোনো বিচার নাই, যেহেতু বিচার নাই, সেহেতু কেন্দ্রভিত্তিক প্রস্তুতি নিতে হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে খসরু বলেন, “সমস্ত মাস্তানি, রাহাজানি, দখল, বেদখল সব অভিযোগ আওয়ামী লীগের যারা নির্বাচন করছে তাদের বিরুদ্ধে। ওগুলো পরিচিত মুখ। পত্রপত্রিকায় আসছে। বিএনপিরগুলো নিরীহ প্রার্থী।
“চিফ ইলেকশন কমিশনারকে বলেছি, নির্বাচনের আগে কোনো গ্রেপ্তার চলবে না। ঢাকায় সেটা মেনেছে। নির্বাচনের আগে কারও বাড়িতে হানা, গ্রেপ্তার যাতে করা না হয়।”
সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সভাপতি মেয়র প্রার্থী শাহাদাত হোসেন এবং নগর কমিটির সধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান বক্তব্য রাখেন।
