২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের মারামারিতে আহত ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 09:04 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘লেডিস ঝুপড়ি’তে মারামারি ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ দুলাল।

তিনি বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, ব্যবসা অনুষদে দুই ছাত্রের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

“এ খবরে শাহজালাল ও শাহ আমানত হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”

মারামারিতে আহত হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রিদুয়ানুল ইসলাম রেদওয়ান, হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেহেদি হাসান ও মিলন, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাহফুজ আল মামুন, রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মিনহ্বাজ, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শুলভ একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অর্ক, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আহমেদ ফাহমিদ আজিজ।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক মোস্তফা কামাল হোসেন বলেন, আঘাতপ্রাপ্ত আট শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে।

“তাদের মধ্যে রিদুয়ানুল ইসলাম রেদওয়ান মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।”

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হিসাববিজ্ঞান বিভাগের ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকরা বাকবিতণ্ডায় জড়ায়। এরই জের ধরে ‘লেডিস ঝুপড়িতে’ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীদের মারধর করে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সমর্থকরা।

পরে ইকবাল টিপুর সমর্থকরা চাকসুর সামনে সভাপতির সমর্থকদের মারধর করে। খবর ছড়িয়ে পড়লে ইকবাল টিপুর সমর্থকরা শাহজালাল হলে এবং রেজাউল হক রুবেলের সমর্থকরা শাহ আমানত হলে অবস্থান নেয়।

এসময় দু্ই গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। আমরা বসে বিষয়টি মীমাংসা করব।”

একই কথা বলেছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু্।