২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হয়ে গেল জাদু উৎসব

দেশ-বিদেশের খ্যাতিমান শিল্পীদের দিয়ে চট্টগ্রামে হয়ে গেল দুই দিনের জাদু উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2019, 09:16 PM

Updated : 08 Apr 2022, 05:16 PM

সোম ও মঙ্গলবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে এই উৎসবের আয়োজন করেছিল ‘বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদ’।

উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবারও জাদুশিল্পীরা জাদু দেখান। এতে অংশ নেন ভারতীয় জাদুশিল্পী প্রিন্স এস লাল ও শুভ্রাংসু, চট্টগ্রামের জাদুশিল্পী অসিম, মাঈনুল, একে মাসুদসহ প্রবাসী কয়েকজন জাদুশিল্পী।

বাংলাদেশিদের মধ্যে বরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ, ডা. সৌরভ সাখাওয়াত, উলফাত কবির, এম এ জলিল, এস এইচ সাইমন, তপন কুমার মালো, জাহাঙ্গীর আলম, মাঈনুল ইসলাম রিপনসহ অনেকেই জাদুতে তাদের পারদর্শিতা তুলে ধরেন।

এই উৎসবে জুয়েল আইচকে সংবর্ধনা দেওয়া হয়।

একুশে পদকপ্রাপ্ত জুয়েল আইচ বলেন, “আজকে চট্টগ্রাম আমাকে যতটুকু প্রাপ্য তার চেয়ে বহু বহু গুন দিয়েছে। মাথায় যদি রক্ত ওঠে সেটা তো স্বাস্থ্য নয় সমস্ত শরীরে যদি ঠিকমতো রক্ত প্রবাহ হয় তাহলে হল স্বাস্থ্য, শুধু ঢাকায় গেলেও হবে না চট্টগ্রামেও করতে হবে। পুরো বাংলাদেশের জন্য আমাদের করতে হবে।”

তিনি বলেন, “আজকে আমরা ম্যাজিশিয়ানদের নিয়ে একটি ক্ষুদ্র ফান্ড রাইজিং প্রোগ্রাম শুরু করেছি। দেখলাম যে এতটুকু বাচ্চা ছেলে বা মেয়ে তার কাছে টাকা নেই সেও জোর করে একশ টাকা দেবে, দুইশ টাকা দেবে, তিনশ টাকা দেবে, চিন্তাই করা যাই না! আমি এক একটা দৃশ্য দেখছি আর খুব উত্তেজিত হয়ে উঠেছিলাম, কারণ এর আগে যতবারই এই রকম পদক্ষেপ আমরা নিতে গিয়েছি প্রত্যেকবার ভয়ঙ্করভাবে আমরা আঘাত পেয়েছি। এই প্রথম চট্টগ্রামে আমাদের আশাটি পূরণ হল।”

মুক্তিযোদ্ধা জুয়েল আইচ বলেন, “আসলে চট্টগ্রামে আমার অভিজ্ঞতায় অনেক জিনিস আছে যেগুলো প্রথম দেখেছি, যার অনেক কিছু আপনারা দেখেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টার দা সূর্য সেন, অস্ত্রাগার দখল, পরে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম এখান থেকে লেগে গেল, সোয়াত থেকে অস্ত্র নামাতে দিল না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, রোটারিয়ান মুজিবুর রহমান অনেকেই।