ক্ষমতা থাকলে ‘ডিএনএ’ পরীক্ষা করে কমিটি দিতাম: নাছির
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘ক্ষমতা থাকলে’ মাদকাসক্ত, সন্ত্রাসী ও অনৈতিক কাজে জড়িতদের দলের কমিটিতে আসা আটকাতে তিনি ‘ডিএনএ’ পরীক্ষার ব্যবস্থা করতেন।
বুধবার নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) উপ-কমিশনারের (পশ্চিম) এর নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহবুবর রহমান মাদকের সঙ্গে সম্পৃক্তদের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কমিটিতে ঠাঁই না দেওয়ার আহ্বান রাখেন উপস্থিত আওয়ামী লীগ নেতাদের প্রতি।
এরপর প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, “আমাদের রাজনীতির নামে অনেক ধরনের অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এটি অস্বীকার করতে পারব না। এটি একেবারে নিষ্ঠুর বাস্তবতা। অনেকে দলের নাম ভাঙিয়ে বা নেতার নাম ব্যবহার করে নিজের অপরাধকে আড়াল করার চেষ্টা করে।
“যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন, সেখানে আমাদের সুযোগ নেই কাউকে জায়গা দেওয়ার। আর আমরা জায়গা দিয়েও কাউকে রক্ষা করতে পারব না।”
নগর কমিটির সাধারণ সম্পাদক নাছির বলেন, “স্বাধীনভাবে যদি আমার মত করে সিদ্ধান্ত দিতে পারতাম, প্রয়োজনে আমি ডিএনএ টেস্ট করে সে মাদকাসক্ত কিনা, সে কোনো ধরনের অনৈতিক-অসামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কিনা, সে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে... আমি টেস্ট করে করে নিশ্চিত হয়ে তারপর কমিটিতে স্থান দিতাম।
“কিন্তু বাস্তবতা হল যে, এককভাবে তো সে সুযোগ আমার এ পর্যন্ত নেই এখানে। বিভিন্ন কারণে অনেকে...। এখন আমি বাদ দিলে আরেকজন তাকে আশ্রয় দিচ্ছে। আরেকজন তার জন্য মায়া কান্না করছে। এই হলো বাস্তবতা।”
মেয়র বলেন, “তারপরও প্রধানমন্ত্রী যেহেতু জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, (আমি) আশাবাদী, সেদিন অবশ্যই আসবে, রাজনীতিতে কোনো পদে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোনো মাদকাসক্ত কমিটিতে আর আসতে পারবে না। খুব নিকট ভবিষ্যতে এ পরিস্থিতি তৈরি হবে।”
“আওয়ামী লীগের মহানগর কমিটির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এখানে আছেন। সামনে আপনাদের ওয়ার্ড, থানা অঙ্গ সংগঠনে এমন কাউকে আনবেন না যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ আছে। দলীয় পরিচয় দিয়ে যারা মাদক ব্যবসা করে তাদের কাউকে কোনো পর্যায়ে রাখবেন না। সামনে কাউন্সিল হবে, স্বচ্ছ ভাবমূর্তির লোকদের তুলে আনুন।”
মেয়র আ জ ম নাছির বলেন, বাংলাদেশের সর্বশেষ যে পরিসংখ্যান, তাতে ৭০ লাখ মাদকসেবীর তথ্য পাওয়া যায়।
“এটা একটি সমাজের জন্য বা স্বাধীন দেশের জন্য কোনো সুসংবাদ নয়। একটা অ্যালার্মিং বিষয় এটা। যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন, তাদের একটি বড় অংশ কিন্তু যুব সমাজ। ওরা কিন্তু মেধাশূন্য হয়ে যাচ্ছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প নির্ধারণ করেছেন, সে লক্ষ্যে পৌঁছানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে।”
কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “কারো সাথে ছবি তুলেও কেউ পার পাওয়ার সুযোগ নেই। আমরা অনেক জায়গায় যাই, আমরা জিম্মি হয়ে পড়ি। এই ছবিগুলো কারা তুলছেন আমরা জানি না। সামাজিক অনুষ্ঠানে যাই, পাশে দাঁড়িয়ে যায়।
“আবার একজন একজনকে ইশারা করে। একটু দূর থেকে ছবি তোলে পেছনে দাঁড়িয়ে। কে তার কপালে তো আর লিখা নাই। এই শহরের সবাইকে যে আমি চিনব, তার সম্পর্কে জানব তাতো কারো পক্ষেই সম্ভব নয়।”
সেইসব ছবি পরে ফেইসবুকে ছেড়ে দেওয়া হয় জানিয়ে মেয়র বলেন, “একজন নেতার সাথে বা প্রতিষ্ঠিত ব্যক্তির সাথে ছবি তুলে মনে করে এখন আমার অপরাধকর্মকে আড়াল করতে পারব। বা এই ছবিগুলো দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে বা হীনস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে।”
নাছির দাবি করেন, রাজনীতির বাইরে গিয়ে ব্যক্তিস্বার্থে তিনি কখনও কিছু করেছেন- এমন কথা চরম সমালোচকও বলতে পারবে না। আর এটা তিনি চ্যালেঞ্জ দিয়েই বলতে পারেন।
পুলিশ কমিশনারের পরামর্শ
পুলিশ কমিশনার মাহবুবর রহমান অনুষ্ঠানে বলেন, রাজনৈতিক নেতাদের নাম দিয়ে যদি কেউ মাদকের সঙ্গে যুক্ত থাকেন, তাদের ‘না’ বলতে হবে।
“আমাদের পুলিশের মধ্যে কারো সাথে যদি কোনো মাদক ব্যবসায়ীর যোগাযোগ থাকে বা সিমপ্যাথি দেখায়, তাদের ‘না’ বলব। সময় যেভাবে গেছে, সময় সেভাবে যাবে না।”
চোরা কারবারে জড়িতদের হুঁশিয়ার করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “মাদক ব্যবসা করে কোটিপতি হতে পারবেন। টেকনাফে অনেকে কোটিপতি হয়েছেন, সুরম্য অট্টালিকা তৈরি করেছেন। কিন্তু কি দেখেছেন? অনেকে ইহ জগতে নাই। অনেকের সুরম্য বাড়িঘর সাধারণ মানুষ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে।
“তাহলে কী লাভ এ ব্যবসা করে? আপনি যদি বেঁচে না থাকতে পারেন? আপনার সন্তানকে যদি মাদক ব্যবসায়ীর সন্তান হিসেবে, যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অথবা পুলিশের সাথে এনকাউন্টারে নিহত হয়েছে- এই পরিচয়ে স্কুলে যেতে হয়, এর চেয়ে দুঃখের কিছু আছে?”
মাহবুবর রহমান পরামর্শ দেন, “এখনো মাদক ব্যবসায় সঙ্গে যারা গোপনে জড়িত আছেন, দয়া করে আপনারা অন্য ব্যবসায় টাকা স্থানান্তর করুন। চট্টগ্রাম ব্যবসার নগরী। কাজের কোনো অভাব নাই। মাদক ব্যবসা করে পয়সা ইনকাম করতে হবে এ চিন্তা দয়া করে পরিহার করুন।”
পুলিশ কমিশনার বলেন, “আগে নিজেকে রক্ষা করুন। স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখুন। আশা করি এ অফিস প্রতিষ্ঠা হওয়ার পর এখানে কোনো মাদক ব্যবসায়ীরা সাথে আমাদের কোনো রকম বন্ধুকযুদ্ধ হবে না।”
অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার, উপ কমিশনার (পশ্চিম) ফারুক উল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
