২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসযাত্রীর মোবাইল ছিনিয়ে পালানোর সময় ধরা

বাসযাত্রীর মোবাইল ছিনিয়ে পালানোর সময় চট্টগ্রামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 01:36 AM

Updated : 18 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার দুপুরে নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি মোড়ে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার নয়ন হোসেন হৃদয় (২৭) থাকেন খুলশী থানার জামতলা এলাকায়। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহসীন নামে এক যুবক ৪ নম্বর রুটের বাসে করে নিউ মার্কেট এলাকায় আসার সময় বিআরটিসি মোড়ে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় নয়ন। এ সময় মহসীনের পেছনের সিটে বসা আতিকুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল ও আলিম উল্লাহ খান নামে দুই জন বাস থেকে নেমে নয়নকে ধরে ফেলে।

“নয়ন তাদের আঘাত করে পালানোর সময় পথচারীরা ছুটে এসে তাকে ধরে মারধর করে এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়নকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ।”

এই ঘটনায় বাস যাত্রী মহসীন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেছে বলে জানান ওসি মহসিন।