জিয়ায় শুরু, এরশাদে পূর্ণতা, খালেদায় ষোলকলা: হাছান
বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের হাতে যে দুর্বৃত্তায়নের শুরু হয়েছিল, এইচ এম এরশাদ তাকে পূর্ণতা দেন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি মোজাফফর আহমদের নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজনীতিতে দুর্বৃত্তায়ন ও বণিকায়ন জিয়াউর রহমান শুরু করেছিলেন। সেটিকে আরও পূর্ণতা দিয়েছিলেন এরশাদ সাহেব ক্ষমতায় এসে।
“আর সেটিকে একেবারে ষোলকলায় পূর্ণ করেছেন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর। আর রাজনীতি যে একটি ব্রত সেটি হারিয়ে গেল।
হাছান মাহমুদ বলেন, “দুঃখজনক হলেও সত্য রাজনীতি যে একটি ব্রত, সেটা মানুষও ভুলে গেছে, অনেক রাজনীতিবিদও এটি ভুলে গেছে। এটি দেশের জন্য, সমাজের জন্য মনে করি প্রচণ্ড দুঃখজনক। মোজাফফর আহমদ রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন। চাইলে তিনি মন্ত্রী হতে পারতেন। সে পথে তিনি হাঁটেননি। রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য বা মন্ত্রী-এমপি হওয়ার জন্য নয়। হ্যাঁ দেশ, সমাজ পরিবর্তনের জন্য দলকে ক্ষমতায় নিতে হয়।”
তিনি বলেন, “রাজনীতির যে অবক্ষয় এটি কিভাবে শুরু হল? পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনীতিবিদদের বেচাকেনা করা হল। মৌসুম এলে ক্রিকেটারদের যেভাবে বিভিন্ন দল কিনে নেয়, জিয়াউর রহমান পঁচাত্তরের পর রাজনীতিবিদদের সেভাবে টেন্ডারে কিনে নিয়েছিলেন। আজকে বিএনপির যারা বড় বড় নেতা তারা জিয়াউর রহমানের টেন্ডারে বিক্রি হওয়া নেতা বেশিরভাগ।
“তারাই কিন্তু বড় বড় নেতা। তারা অনেকে এমপি হলেন। এভাবে রাজনীতিতে বণিকায়ন করা হল, দুর্বৃত্তায়ন করা হল। ঊনআশি সালে নির্বাচনের কথা মনে আছে নিশ্চয়। কিভাবে সে নির্বাচন হয়েছিল।”
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়। দেশ ও সমাজ পরিবর্তনের জন্য। আমি যে আর্দশে মূল্যবোধে চেতনায় বিশ্বাস করি সেটিকে প্রতিষ্ঠার জন্যই রাজনীতি। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়।
“বাংলাদেশে স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের রাজনীতি দেখা যাচ্ছে। বিএনপির নেতৃত্বে যে রাজনীতি তাদের যে জোট তারা স্বাধীনতাতেই বিশ্বাস করে না। এমন অনেক দল আছে সে জোটে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করা। যাদের অনেকে আফগানিস্তান থেকে ঘুরে এসেছে, ট্রেনিংপ্রাপ্ত। তাদের অনেকে ২০ দলীয় জোটে আছে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী আদর্শ প্রতিষ্ঠাকে ব্রত হিসেবে নিয়েছেন। ১৯ বার উনার উপর হামলা হয়েছে। তিনি পিছ পা হননি। এগিয়ে গেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় এগিয়ে গেছে।”
কমরেড মোজাফফর আহমদের নীতি অনুসরণের আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশের ইতিহাসে তিনি কিংবদন্তি রাজনীতিবিদ। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব আন্দোলনে তার অসামান্য ভূমিকা ছিল। স্বাধীকার অর্জনের সংগ্রামে জাতির জনক যাদের পাশে পেয়েছিলেন তাদের অন্যতম ছিলেন মোজাফফর আহমদ।
জামালপুরে সিপিবির পদযাত্রায় হামলার নিন্দা জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন মোজাফফর আহমদের কন্যা ন্যাপ এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আইভি আহমেদ।
প্রধান বক্তা ছিলেন ন্যাপ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ ও খোরশেদ আলম সুজন প্রমুখ।
