বোয়ালখালীতে বিএনপি নেতার গাড়িতে হামলার অভিযোগ
চট্টগ্রামের বোয়ালখালীতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ককে বহনকারী গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই হামলার জন্য বিএনপি নেতারা ছাত্রলীগকে দায়ী করলেও সরকার সমর্থক সংগঠনটির নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।
আর পুলিশ বলছে, হামলার কোনো অভিযোগ তারা পায়নি।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে এক আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে বোয়ালখালীর চরণদ্বীপে তার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কধুরখীলে এ হামলার ঘটনা ঘটে।
“আমি ছিলাম বোয়ালখালীর পৌর মেয়র আবুল কালাম আবুর গাড়িতে। কধুরখীল এলাকায় আমাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয়। এরপর হকিস্টিক দিয়ে হামলা করা হয়। গাড়ির কাঁচ ভেঙে চালক ইয়াসিন সামান্য আহত হয়। সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।”
বোয়ালখালী-চান্দগাঁও আসনের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। এ আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে আবু সুফিয়ান প্রার্থী হতে পারেন বলে চট্টগ্রামে আলোচনা আছে।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, কধুরখীলের দুই নম্বর ওয়ার্ডে একটি স্থানীয় মাহফিলে বিনা দাওয়াতে গিয়ে বিএনপি নেতারা ধানের শীষে ভোট চান। সেখানে আয়োজকরা উষ্মা প্রকাশ করলে তারা দ্রুত মাহফিল ত্যাগ করেন।
“এরপর গাড়ি নিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার সময় পশ্চিম কধুরখীল পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এসময় পাশে ব্যাডমিন্টন খেলতে থাকা স্থানীয় যুবকরা তাদের বাঁধা দেয়। পালিয়ে যেতে চাইলে গাড়ি লক্ষ্য করে ইট মারে বলে শুনেছি।”
বোরহান বলেন, “পরে খবর পেয়ে আমি সেখানে গিয়ে কাউকে পাইনি। ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তারা নির্বাচনকে সামনে রেখে তিলকে তাল করতে এসব ষড়যন্ত্র করছে।”
ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, “হামলার কথা লোকমুখে শুনেছি। তবে এরকম কোনো ঘটনার বিষয়ে আমাকে কেউই কোনো অভিযোগ করেনি।”
