২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমার উৎসবে সাংস্কৃতিক ঐক্যের ডাক

অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান এসেছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমার সাংস্কৃতিক উৎসবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2019, 11:57 PM

Updated : 10 Oct 2022, 09:43 PM

আবৃত্তি সংগঠনটির ৩০ বছর পূর্তিতে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে তিন দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম বলেন, “বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ নানা অন্দোলনে সংস্কৃতি কর্মীরা যুক্ত হয়েছেন এবং সফল হয়েছেন।

“বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের সাংস্কৃতিক বিপ্লব দরকার। শিক্ষা ও সংস্কৃতি পারে সোনার মানুষ গড়তে। রাজনীতিবিদদের বলব- আমরা সোনার মানুষ গড়ায় থাকব, আপনারা সোনার দেশ গড়ুন।”

শহীদ জায়া বেগম মুশতারী শফী বলেন, “পত্র-পত্রিকা খুললেই নানা রকম অত্যাচার, নারী নির্যাতনের খবর দেখি। এসব থেকে মুক্ত কবে হব? সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে এসব থেকে মুক্তির জন্য এগিয়ে নিতে হবে।”

একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, “দীর্ঘ সময় ধরে দেশের কোনো শিল্প মাধ্যমই শুধু শিল্পের দায় মিটিয়ে থাকতে পারেনি। রাজনৈতিক-সামাজিক দায়ও মেটাতে হয়েছে। দেশে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার উত্থান আমাদের সাংস্কৃতিক চর্চার সুযোগকে সংকুচিত করেছে।

“ধর্মীয় উপলক্ষে আয়োজিত যেসব অনুষ্ঠানে উগ্রবাদের কথা হয়, সেখানে লক্ষ মানুষের সমাবেশ হয়। বিপরীতে যেসব সাংস্কৃতিক আয়োজনে শান্তি-সম্প্রীতির কথা হয়, সেখানে কেন বিপুল সমাগম হয় না? অধিক সংখ্যক মানুষ ও সাধারণ মানুষের কাছে পৌঁছানোর উপায় নিয়ে আমাদের ভাবতে হবে।”

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, “বাংলাদেশ যেন পুরো বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে। সেটা কিভাবে হবে? আমাদের সব ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। চট্টগ্রাম মানে গ্রাম, সে গ্রামেই আছি। যদি বেরিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশকে গড়ে তুলতে পারব।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, “এখন এমন অবস্থা যেন সবকিছু রাজনীতির মানুষের কাছ থেকেই শিখতে হবে। তারা কারও কাছ থেকে শিখবে না।

“অতীতে কবিতার কথা রাজনীতিবিদরা শুনেছেন, সেটাই ছিল বাংলাদেশ। স্বাধীনতা যদি কৃষকের হাসি হয়, কৃষক যদি হাসি হারায়, তাহলে বিশ্বাস করতে হবে স্বাধীনতা ম্লান হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম পালন যদি উদারতার জায়গা থেকে না হয় তাহলে স্বাধীনতা ম্লান হয়। রাজনীতিবিদদের দায়িত্ব কবিতার মতো বাংলাদেশ করে দেওয়া।”

প্রমা’র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ হাসান। 

বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, সভাপতি মণ্ডলীর সদস্য শিমুল মুস্তফা, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক মুনতাসিম বিল্লাহ। উপস্থিত ছিলেন প্রমার সহ-সভাপতি স্বপন দাশ ও জেরিন মিলি।

বেলুন উড়িয়ে আমন্ত্রিত অতিথিরা উৎসবের উদ্বোধন করেন। এরপর শতকণ্ঠে আবৃত্তি দিয়ে আবৃত্তি পর্বের উদ্বোধন হয়। এরপর প্রমা অবন্তীর পরিচালনায় উদ্বোধনী নৃত্য পরিবেশন করে ওডিসি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা।